বাল্যবিবাহ ঠেকিয়ে সম্মাননা পেল সেই ছাত্রীর সহপাঠীরা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বিয়ে ঠেকিয়ে দেওয়া ২৭ সহপাঠীকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রশাসন এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া স্কুলছাত্রীটির পড়াশোনার সামগ্রিক ব্যয়ভার বহনের ঘোষণা দেন মধ্যনগর ইউপির চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার। পরে ওই শিক্ষার্থীসহ তার সহপাঠীদের প্রত্যেককে একটি করে মুক্তিযুদ্ধবিষয়ক বই এবং সহপাঠীদের জন্য সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট দেওয়া হয়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, ২১ নভেম্বর সন্ধ্যায় ওই শিক্ষার্থীর সঙ্গে পাশের নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকার এক যুবকের বিয়ে হওয়ার কথা ছিল। খবরটি আগের দিন জানতে পেরে দুপুরে ওই শিক্ষার্থীর সহপাঠীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। পরে বিদ্যালয়ের নবম শ্রেণির ২৫-৩০ জন শিক্ষার্থী মধ্যনগর ইউপির চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদারের কাছে এসে বিয়ে ঠেকাতে অনুরোধ করে। চেয়ারম্যান সন্ধ্যায় ওই ছাত্রীর বাবাকে ইউনিয়ন পরিষদে ডেকে পাঠান। তিনি এসে বিয়ে আয়োজনের কথা স্বীকার করে এ জন্য দুঃখ প্রকাশ করেন। ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে লিখিত অঙ্গীকার করেন।