বাল্যবিবাহ ঠেকিয়ে সহপাঠীদের আনন্দ মিছিল
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুর্ণা গ্রামে গত বৃহস্পতিবার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এরপর মেয়েটিকে বিদ্যালয়ের পোশাক পরিয়ে গ্রামে আনন্দ মিছিল করে তার সহপাঠীরা।ওই দিন রাতেই একই উপজেলার ধুবনি গ্রামে অপর একটি বাল্যবিবাহের ঘটনায় বর ও বরের বড় ভাইকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সিন্দুর্ণা গ্রামের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে পাশের সিঙ্গিমারী গ্রামের বাদিয়ার রহমানের ছেলে আজিজুল ইসলামের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য করা হয়। কিন্তু সহপাঠীরা মেয়ের বাড়িতে এসে বিয়ে বন্ধের দাবি জানায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে এম আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান খতিব উদ্দিন, হাতীবান্ধা থানার ওসি তাপস সরকার, মহিলাবিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা এবং নারী সংগঠন আঁচলের নেত্রী মাসুদা আখতার মেয়েটির বাড়িতে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন।