বাল্যবিবাহ থেকে বাঁচল জেএসসি পরীক্ষার্থী
ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও গ্রামে গতকাল রোববার এক জেএসসি পরীক্ষার্থীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ওই বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে।
সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ মহিলা পরিষদ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের পিতৃহীন এক মেয়ের মা তাঁর বড় ভাইয়ের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। মেয়েটি এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে। গতকাল রাতে বিয়ে হওয়ার কথা ছিল। স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক সুচরিতা দেবকে বিষয়টি জানান। সুচরিতা দেব বিষয়টি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক প্রধান ও বড়গাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলামকে জানান। খবর পেয়ে চেয়ারম্যান নুরুল ইসলাম বিকেল চারটার দিকে ওই মেয়ের বাড়িতে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম্য পুলিশ পাঠিয়ে অভিভাবকদের বিয়ের আয়োজন বন্ধের নির্দেশ দেন।
স্থানীয় ইউপি সদস্য দুলাল সরকার বলেন, মেয়েটি এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে। সে প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
মহিলা পরিষদের সুচরিতা দেব বলেন, ‘প্রশাসন ও স্থানীয় ইউনিয়নের সহায়তায় তা বন্ধ করে দেওয়া হয়েছে।’
সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক বলেন, মেয়েটির বিয়ে আপাতত বন্ধ করা গেলেও ভবিষ্যৎ নিয়ে ভাবনায় আছেন। অভিভাবকেরা যাতে পরে আবার এই অপ্রাপ্তবয়স্ক মেয়েটির বিয়ে দেওয়ার চেষ্টা না করতে পারেন, সে জন্য ওই বাড়ি পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করা হয়েছে।