দিনাজপুর সদর উপজেলায় গত শুক্রবার সপ্তম শ্রেণীর এক ছাত্রী (১৩) বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় মেয়ে ও ছেলের বাবাকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মুরাদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আলী জানান, মেয়ের বাবা মঈন উদ্দিন পাতলশা গ্রামের সাবেদ আলীর ছেলে মোতাহার হোসেনের (২৭) সঙ্গে তাঁর মেয়ের বিয়ে ঠিক করেন। বিষয়টি জানতে পেরে তিনি মেয়ের বাবা-মার সঙ্গে কথা বলে এই বিয়ে বন্ধের অনুরোধ করেন। কিন্তু মেয়ের পরিবার তাঁর অনুরোধ রাখেননি। এরপর তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের শিশু সুরক্ষা কমিটির সদস্যদের কাছে যান। কমিটির সদস্যরাও মেয়ের অভিভাবকের সঙ্গে দেখা করেন। কিন্তু মেয়ের বাবা সবার অনুরোধ উপক্ষো করে গত শুক্রবার বিয়ের আয়োজন করেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান জানান, সবার অনুরোধ উপেক্ষা এবং আইন অমান্য করে বিয়ে আয়োজনের খবরটি শুনে শুক্রবার বিকেলে তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম, এসআই নাজমুল হাসানসহ বিয়ের আসরে হাজির হন। এ সময় বিয়েতে ছেলের পক্ষকে ৫৫ হাজার টাকা যৌতুক দেওয়া হচ্ছে বলেও জানতে পারেন। পরে তিনি মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে ছেলে ও মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেন।
এসআই নাজমুল জানান, সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও দুজনকেই ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।