বাল্যবিবাহ থেকে রক্ষা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের এক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর গতকাল রোববার বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ মহিলাবিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানাকে ওই বিয়ে বন্ধের নির্দেশ দেন। পরে রেবেকা পুলিশ নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে বিবাহ বন্ধ করে দেন।
রেবেকা সুলতানা বলেন, ওই ছাত্রীর বাবা তাঁকে জানিয়েছেন স্থানীয় কাজি প্রভাষক মো. ওসমান গনির যোগসাজশে এক মাস আগে তাঁর মেয়ের মামুদপুর ইউনিয়নের এক যুবকের সঙ্গে কাবিন রেজিস্ট্রি হয়। গতকাল ছিল সেই বিয়ের আয়োজন। এ সময় তিনি (রেবেকা সুলতানা) ওই ছাত্রীর পরিবারকে বাল্যবিবাহের কুফল ও আইনগত বিষয় সম্পর্কে জানিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করতে বলেন। সেই সঙ্গে তিনি ওই ছাত্রী ও ছাত্রীর বাবাকে মুচলেকা দিতে থানায় নিয়ে আসতে চান। গ্রামবাসী এতে বাধা দিয়ে তাঁদের ওপর চড়াও হয়। একপর্যায়ে মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান রহিম বাদশা বুঝিয়ে ওই ছাত্রী ও তার বাবাকে থানায় নিয়ে আসেন। পরে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার মুচলেকা দিয়ে ছাড়া পান ওই ছাত্রীর বাবা।