বাল্যবিবাহ থেকে রক্ষা
বিয়ের সব আয়োজন ঠিকঠাক। কনে অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩), আর বর (৩৫) দুবাই প্রবাসী। অবশেষে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহের কবল থেকে ছাত্রীটি রক্ষা পেয়েছে। আজ শুক্রবার দুপুরে ওই বিয়ে হওয়ার কথা ছিল। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নে।বিদ্যালয়ের নথিপত্রে উল্লেখ করা তথ্যানুযায়ী ওই ছাত্রীর জন্ম ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি। সে হিসাবে আজ (শুক্রবার) তার বয়স ১৩ বছর চার মাস ২১ দিন। স্থানীয় কয়েকজন যুবক জানান, বাল্যবিবাহের বিষয়ে তাঁরা নিশ্চিত হয়ে ইউএনওকে জানান। জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য দুদ মিয়া জানান, ইউএনওর নির্দেশ পেয়ে গত বুধবার বিকেলে তিনি কনেপক্ষকে ডেকে বাল্যবিবাহের কুফল ও আইনগত বাধ্যবাধকতা সম্পর্কে দীর্ঘক্ষণ বোঝান। একপর্যায়ে কনের বাবা বিয়েটি বন্ধ রাখতে সম্মত হন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘সামাজিকভাবে উদ্যোগ নিলে এ ধরনের তৎপরতা অবশ্যই ঠেকানো সম্ভব।’