বাল্যবিবাহ থেকে রক্ষা পেল আরও এক ছাত্রী
ফেনীর সোনাগাজীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল আরও এক স্কুলছাত্রী। গতকাল সোমবার দুপুরে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের একটি গ্রামের ওই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ নিয়ে গত ১০ দিনে চর চান্দিয়া ইউনিয়নে চারজন ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে তার এক আত্মীয়ের বিয়ের কথাবার্ত চূড়ান্ত করা হয়। কিন্তু ওই শিক্ষার্থী বিয়েতে রাজি না হয়ে বাড়ি থেকে পালিয়ে অন্য এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান জানতে পারেন। গতকাল সকালে তাঁকে (চেয়ারম্যান) ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলতে বলেন ইউএনও। পরে ছাত্রীর মা ও নানা-নানিকে বুঝিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান বলেন, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই ছাত্রীকে বিয়ে দেবেন না তাঁরা, এমন অঙ্গীকারনামা ছাত্রীর মায়ের কাছ থেকে নেওয়া হয়েছে।
এর আগে ১২ মে দুই ছাত্রীর এবং ১৩ মে আরও এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছিল।
এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া মাদক পাচার বন্ধ ও নারী উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে প্রশাসন সব সময় তৎপর থাকবে।