বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৪)। গত শুক্রবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের একটি বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীটি পার্শ্ববর্তী হাজীপুর ইউনিয়নে মামাবাড়িতে থাকে। তার বাবা বেঁচে নেই। মা গৃহকর্মী। একই এলাকার সৌদিপ্রবাসী এক ব্যক্তি ১০-১৫ দিন আগে বাড়ি ফিরেছেন। পারিবারিক কলহের জের ধরে তাঁর স্ত্রী কিছুদিন আগে বাবার বাড়ি চলে যান। এ অবস্থায় তিনি কিশোরীকে বিয়ে করার জন্য তার আত্মীয়স্বজনকে প্রলোভন দেখান। কয়েকজন আত্মীয় শুক্রবার রাতে কিশোরীটিকে ওই প্রবাসীর বাড়িতে পৌঁছে দেন। রাতেই বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল। এলাকাবাসীর কাছ থেকে বাল্যবিবাহের বিষয়টি জানতে পারেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। পরে ইউএনওর নির্দেশে রাত ১২টার দিকে পুলিশ ওই প্রবাসীর বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করে আনে। টের পেয়ে বাড়ির লোকজন আগেই সটকে পড়েন।

কুলাউড়া থানার এসআই সাব্বির আল আহসান গতকাল বলেন, কিশোরীটির পরিবার অত্যন্ত গরিব। এর সুযোগ নিয়ে প্রবাসী ব্যক্তি কিশোরীটিকে বিয়ে করতে চেয়েছিলেন। কিশোরীকে উদ্ধারের পর তার মামার জিম্মায় দেওয়া হয়েছে।

কিশোরীর মামা দিনমজুর। তিনি বলেন, ‘ফোর ক্লাসে (চতুর্থ শ্রেণি) পড়ার সময় মাইয়াটার (কিশোরী) বাবা মারা গেছইন। আর লেখাপড়া করতে পারছে না। সে (প্রবাসী) লোভ দেখাইয়া মাইয়াটারে বিয়া করতা চাইছলা।’