চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে অষ্টম শ্রেণিপড়ুয়া এক কিশোরী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। আজ শুক্রবার ওই কিশোরীর বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রী ওই কিশোরীর বিয়ে ঠিক করে তার পরিবার। বর মিরসরাইয়ের বাসিন্দা। বিয়ের আয়োজন শুরু হওয়ার পর এ খবর জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুঁইয়া। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে (ইউপি) বিয়ে বন্ধের পদক্ষেপ নিতে বলেন। এরপর ইউপি সদস্য মো. মাহবুব আলম কিশোরীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহের কুফল ও আইনি বাধ্যবাধকতা সম্পর্কে জানান। কিশোরীর পরিবার রাজি হওয়ার পর তিনি কিশোরীর চাচাকে নিয়ে মিরসরাইয়ে বরের বাড়িতে যান। তখন বরপক্ষও সম্মত হয়।
ইউএনও নাজমুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে তিনি ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীরকে ব্যবস্থা নিতে বলেন।
ইউপি সদস্য মাহবুব আলম বলেন, কিশোরী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তার পরিবার। কিশোরীটি এখন নিয়মিত বিদ্যালয়ে যাবে।