বাল্যবিবাহ থেকে রক্ষা পেল চার কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের হস্তক্ষেপ ও এলাকাবাসীর সচেতনতায় ময়মনসিংহের নান্দাইল, গাজীপুরের কালীগঞ্জ, মাদারীপুরের কালকিনি ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাল্যবিবাহের হাত থেকে রেহাই পেয়েছে চার কিশোরী। গতকাল শুক্রবার এসব ঘটনা ঘটে।

প্রশাসন ও এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের একটি গ্রামে গতকাল বিকেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করেছিল তার পরিবার। শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রশাসনের কর্মকর্তারা ছুটিতে থাকবেন, কিছু ব্যক্তির এ পরামর্শে বিয়ের জন্য ছুটির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়ে যায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তামিম আল ইয়ামীন এবং পুলিশ বিয়ের আসরে গিয়ে হাজির হলে। নির্বাহী হাকিম খোঁজ নিয়ে জানতে পারেন কনের বিয়ের বয়স হয়নি। এ সময় পুলিশ দেখে আসর ছেড়ে দৌড়ে পালিয়ে যান বর ও তাঁর সঙ্গে আসা অতিথিরা। কনেকে বাড়ির মধ্যে রেখেই আত্মগোপন করেন তার মা-বাবা। নির্বাহী হাকিম তখন বিয়ের আসরেই ভ্রাম্যমাণ আদালত বসানোর উদ্যোগ নিলে কনের বাবা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে লিখিত অঙ্গীকার দিয়ে রেহাই পান।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৌর এলাকার একটি গ্রামে গতকাল দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর (১৫) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান কালীগঞ্জ থানা-পুলিশ নিয়ে দুপুরে ওই বাড়িতে অভিযান চালান। পরে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা দিয়ে রেহাই পায় তার পরিবার।

মাদারীপুরের কালকিনি উপজেলার কাজিবাকাই ইউনিয়নের একটি গ্রামে সকালে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর (১৩) বিয়ের আয়োজন করা হয়েছিল। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হাফিজুর রহমান বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে মেয়ের বাড়িতে যান তিনি। বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝানোর পর পরিবারের লোকজন নিজেদের ভুল বুঝতে পেরে বিয়ে বন্ধ করে দেন। এ সময় ওই শিক্ষার্থীর মা-বাবা তাঁদের মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দরিয়াদৌলত ইউনিয়নের একটি গ্রামে সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বিয়ে ঠেকিয়েছেন এই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, বিয়ের আয়োজনের খবর পেয়ে তিনি ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মেয়ের বাড়ি যান। তাঁরা মেয়ে ও ছেলের পরিবারের লোকজনকে বুঝিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।