বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। ওই ছাত্রীর অমতে গত শুক্রবার রাতে বাল্যবিবাহের আয়োজন করেছিলেন তার অভিভাবকেরা।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। জন্মসনদ অনুযায়ী, ছাত্রীর বয়স ১৫ বছর। কিন্তু এফিডেভিটের মাধ্যমে জন্মতারিখ পরিবর্তন করে মেয়ের বয়স ১৮ দেখিয়ে তার বিয়ের আয়োজন করেন অভিভাবকেরা। মেয়ের অমতেই শুক্রবার রাতে তাঁরা বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে পুলিশ রাতেই ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পরিবারের লোকজন পালিয়ে যান। এরপর গতকাল শনিবার দুপুরে বর ওমর ফারুককে (২২) ও কনেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহাদত খন্দকার ওমরকে এক হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে স্থানীয় এক জনপ্রতিনিধির জিম্মায় মেয়েটিকে ছেড়ে দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে, প্রকৃত বয়স পরিবর্তন করে অভিভাবকেরা মেয়ের বিয়ের ব্যবস্থা করছেন। দুদিন আগেও একইভাবে স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করা হয়।