বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুই শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে গত শুক্রবার বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল দুই শিশু। এক শিশুর ঘটা করে বিয়ে হচ্ছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। বিষয়টি জানতে পেরে ওই পরিবারের লোকজন গা-ঢাকা দেন।
এদিকে প্রশাসনিক এ তৎপরতায় ওই শিশুর প্রতিবেশীর বাড়িতে আরেক শিশুর বাল্যবিবাহের অনুষ্ঠান বিনা অভিযানেই ভেঙে যায়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গুনাইগাছ ইউনিয়নের একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ে ঠিক হয় উপজেলার বজরা ইউনিয়নে। শুক্রবার বিয়ের দিন থাকায় সকাল থেকে বাড়িতে শামিয়ানা টানিয়ে বাবুর্চি দিয়ে রান্না করে গ্রামবাসীদের খাওয়ানোও হয়। এ বাল্যবিবাহের খবর ইএসডিওর কৈশোর স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর চন্দনা রায় ইউএনওকে জানান। পরে ইউএনও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে নিয়ে সেখানে অভিযান চালান। অভিযানের বিষয়টি ফাঁস হলে কনের বাড়ির লোকজন গা-ঢাকা দেন। এ সময় কনের মামা বাল্যবিবাহের পক্ষে সাফাই গাইলে তাঁকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে ওই শিশুর প্রতিবেশী একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীরও ওই দিন বাল্যবিবাহের আয়োজন চলছিল। এ সময় ওই বাল্যবিবাহ বন্ধের খবর পেয়ে তড়িঘড়ি করে ওই নবম শ্রেণির ছাত্রীর পরিবার তার বিয়ে বন্ধ করে দেয়।