বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা ও নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরী ও এক শিশুর বিয়ে বন্ধ হয়েছে। ঘটনা দুটি ঘটেছে গত সোম ও গতকাল মঙ্গলবার। উভয় ঘটনাতেই পালিয়ে বেঁচেছেন বর ও তাঁর সঙ্গীরা।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নাটোরের কিশোরীর (১৭) বাড়ি বাগাতিপাড়া সদর ইউনিয়নে। সে নবম শ্রেণি পর্যন্ত পড়ার পর পড়াশোনা বন্ধ করে দেয়। একই ইউনিয়নের শাকিল আহম্মেদের সঙ্গে সোমবার তার বিয়ে হওয়ার কথা ছিল। ওই দিন দুপুরের দিকে বরযাত্রীসহ বর কনের বাড়িতে উপস্থিত হন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আহসান হাবিব ওই বাড়িতে গ্রাম পুলিশ সদস্যকে পাঠান। এ খবর জানতে পেরে বিয়ের আসর ছেড়ে বরযাত্রীদের নিয়ে শাকিল পালিয়ে যান।

নির্বাহী হাকিম আহসান হাবিব বলেন, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ে বন্ধ করা হয়েছে। কনেপক্ষ মেয়েটিকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নেত্রকোনার শিশুটির (১১) বাড়ি বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নে। বারহাট্টা সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামের নজরুল ইসলামের (২৫) সঙ্গে গতকাল দুপুরে তার বিয়ের আয়োজন চলছিল। বাংলাদেশ নারী প্রগতি সংঘের বারহাট্টা শাখার কর্মকর্তাদের সহায়তায় উপজেলা প্রশাসন মেয়েটির বিয়ে বন্ধ করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বর নজরুল গতকাল বেলা পৌনে দুইটার দিকে বরযাত্রী সঙ্গে নিয়ে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই শিশুর বাড়িতে উপস্থিত হন। শুরু হয়ে যায় আপ্যায়ন। বিয়ে পড়ানোর জন্য কাজিও চলে আসেন। এ খবর পান নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্রের কর্মকর্তারা। তাঁরা কার্যালয়ের কর্মীদের ওই বাড়িতে পাঠালেও মেয়েটির বাবা-মা বিয়ে বন্ধ করতে রাজি হননি। এই পর্যায়ে তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। ইউএনও পুলিশ নিয়ে হাজির হন ওই বাড়িতে। বিষয়টি টের পেয়ে কাজি, বর ও তাঁর সঙ্গীরা পালিয়ে যান।

ইউএনও ফরিদা ইয়াসমিন বলেন, মেয়েটির বাবা-মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে তিনি এ বিয়ে বন্ধ করেছেন। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে বাবা-মা মুচলেকা দিয়েছেন।