বাল্যবিবাহ থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলায় আকবরপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১১) স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল বুধবার ওই বিয়ে হওয়ার কথা ছিল। পরে আকবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্কাছ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মালেক কনেপক্ষকে বুঝিয়ে বিয়েটি বন্ধ করে দেন।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলার আকবর ইউনিয়নের ভগবানপুর গ্রামের আজিজুল হকের মেয়ে গোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করে। গতকাল ওই ছাত্রীর সঙ্গে বদলগাছী উপজেলার চাঁদপুর গ্রামের কিনা মণ্ডলের ছেলে এনামুল হকের (২০) বিয়ের প্রস্তুতি চলছিল। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আছির উদ্দীন বিয়ের খবর জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনকে বিষয়টি জানান। পরে চেয়ারম্যান আক্কাছ আলী ও ইউএনও আবদুল মালেক কনের বাবা-মা ও আত্মীয়স্বজনকে বিয়ে না দেওয়ার অনুরোধ করলে ওই ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পায়।
ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী বলেন, মেয়েটি একেবারেই অপ্রাপ্তবয়স্ক। এই বিয়ে হলে ওই মেয়ের পরিবার ও সমাজে অকল্যাণ বয়ে আনত।
ইউএনও আবদুল মালেক বলেন, ‘আমরা মেয়েটির পরিবারকে অল্প বয়সে বিয়ে দেওয়ার কুফল সম্পর্কে বোঝাতে সক্ষম হয়েছি।’