বাল্যবিবাহ থেকে রক্ষা পেল শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের এক শিশু শিক্ষার্থী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আলম উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায়কে নিয়ে বিয়েবাড়িতে যান। তাঁরা মেয়ের বাবার মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন। উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর (১১) সঙ্গে মালতীবাড়ি গ্রামের মো. শাহজাহানের ছেলে মেনাজুল ইসলামের বিয়ের আয়োজন করা হয়। ৬০ হাজার টাকা যৌতুক নির্ধারণ করে বিয়ের আয়োজন করা হয়। গতকাল বুধবার কনের সাজে সাজানো হয় ওই শিশুকে। এমন সময় মেয়েটির সহপাঠী (নাম প্রকাশে অনিচ্ছুক) বিয়ের বিষয়টি বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আলম খন্দকারকে মুঠোফোনে জানায়। ওই শিক্ষক স্থানীয় সাংবাদিকদের নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের দাবি জনান। কিন্তু মেয়ের বাবা বিয়ে বন্ধ করতে রাজি না হওয়ায় শিক্ষক ইউএনওকে জানান। পরে ইউএনও এসে বিয়ে বন্ধ করে দেন।