বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার ছিল অষ্টম শ্রেণীর এক ছাত্রীর (১২) গায়েহলুদের দিন। আর আজ শুক্রবার বিয়ে হওয়ার কথা। সবই ছিল ঠিকঠাক।
কিন্তু গায়েহলুদের এক দিন আগেই সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। নাবালিকা ছাত্রীর বিয়ে হচ্ছে—এমন খবর পৌঁছে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে।
তাৎক্ষণিকভাবে ইউএনওর নির্দেশ পেয়ে গত বুধবার রাত নয়টায় ওই ছাত্রীর বাড়িতে ছুটে যায় পুলিশ। ধরে থানায় আনে তার বাবাকে। পরে গতকাল বৃহস্পতিবার মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। এ ঘটনা ঘটেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার জাংগই গ্রামে।
ছাত্রীর বাবা বলেন, ‘আমি গ্রামে ও হাটবাজারে ভাজা বিক্রি করি। এ থেকে যা আয় হয় তা দিয়ে কোনোমতে চারজনের সংসার চালাই। অভাবের সংসারে মেয়ের লেখাপড়া করাতে পারি না। তাই মেয়ে বিয়ের যোগ্য হওয়ায় তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। জয়পুরহাট সদরের খনজনপুরে একটি ভালো ছেলের খোঁজ পাই। ছেলেপক্ষও মেয়ে দেখে পছন্দ করে। যৌতুক হিসেবে জামাইকে নগদ ৩০ হাজার টাকা দেওয়ার কথা। কিন্তু পুলিশ গেলে বিয়েটা ভেঙে যায়। মেয়ের প্রতি যে আমি অন্যায় করতে যাচ্ছিলাম, তা এখন বুঝতে পেরেছি। আমার মতো এ ভুল যেন আর কোনো বাবা-মা না করেন।’
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব প্রথম আলোকে বলেন, বুধবার রাত নয়টার দিকে ছাত্রীর বাবাকে আটক করে থানায় আনা হয়। গতকাল বেলা ১১টার দিকে তাঁকে ইউএনওর কার্যালয়ে হাজির করা হয়।
ইউএনও আজাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগামী বছর ওই ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনা হবে। এ জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করে সে আর্থিক সহযোগিতা পেয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারে। এ ছাড়া তাকে বিভিন্ন সময়ে আর্থিক সহায়তাও দেওয়া হবে।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিতা লস্কর বলেন, ওই ছাত্রীকে লেখাপড়ায় সহযোগিতা করার জন্য আগামী বছর ভিজিডি কার্ডের তালিকায় তার মায়ের নাম অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে তার মা প্রতি মাসে ৩০ কেজি করে খাদ্যশস্য পাবেন। কিছুটা হলেও তাঁর উপকারে আসবে।