বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে নবম শ্রেণীর এক ছাত্রী (১৪) বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির উদ্যোগে। গতকাল শুক্রবার ওই বিয়ে হওয়ার কথা থাকলেও রহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আহমদ ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী কনেপক্ষকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেছেন।জানা গেছে, স্থানীয় মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রীর বিয়ে ঠিক হয়েছিল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক প্রবাসীর সঙ্গে। গতকাল মৌলভীবাজার শহরের একটি কমিউনিটি সেন্টারে এ বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আগে ইউনিয়ন পরিষদ থেকে কনের জন্মনিবন্ধন কার্ড সংগ্রহ করতে গেলে বিপত্তি দেখা দেয়। কনেপক্ষের জোর অনুরোধেও কনের বয়স ১৪ থেকে বাড়িয়ে ১৮ বছর করেননি ইউপি চেয়ারম্যান। ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী ও ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ কনের বাবা ও আত্মীয়স্বজনদের বিয়ে না দেওয়ার অনুরোধ করায় অবশেষে গতকাল বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পায় ওই স্কুলছাত্রী।ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ সাংবাদিকদের বলেন, কনে নবম শ্রেণীর ছাত্রী। স্কুলের রেকর্ড অনুযায়ী ও বাস্তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক।ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বলেন, রহিমপুর ইউপির চেয়ারম্যানের সহযোগিতায় তিনি কনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিয়েটি বন্ধ করেছেন। তবে কনেপক্ষ তাদের অগোচরে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি।