বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়ে পরীক্ষার হলে
পাঁচটা পরীক্ষা শেষ। বাকি পরীক্ষা আর দেওয়া হবে না। কারণ, গত বুধবার আসমা খাতুনের (১৫) বিয়ের দিন ধার্য ছিল। উপায় নেই, শ্বশুরবাড়ি যেতে হবে। কষ্ট পেলেও মেনে নিয়েছিল সে।
তবে বিয়েতে বসতে হয়নি আসমাকে। পুলিশের হস্তক্ষেপে তার পরিবার বিয়ে বন্ধ করে দেয়। ফিরে যায় বরপক্ষের লোকজন। এরপর পরীক্ষায় অংশ নিয়েছে রাজশাহীর বাগমারা উপজেলার সূর্যপাড়া গ্রামের এই কিশোরী।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কামারবাড়ি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী আসমা খাতুনের সঙ্গে একই উপজেলার দ্বীপপুর গ্রামের এক তরুণের (২০) বিয়ে ঠিক হয়। বুধবার ছিল বিয়ের অনুষ্ঠান।
ওই দিন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বউ সাজার কথা ছিল আসমার। বিকেলে বিয়ে সম্পন্ন হওয়ার আয়োজনও চলছিল। তবে তার আগেই খবর পেয়ে থানার সহকারী উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের অনুরোধ করেন।
বাল্যবিবাহের আইনগত দিক সম্পর্কে কনের পরিবারকে বোঝান। এতে মেয়েকে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। আর বরপক্ষ বিয়ে ছাড়াই ফিরে যায়। বাল্যবিবাহ থেকে রক্ষা পায় আসমা।
কামারবাড়ি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, আসমা অষ্টম শ্রেণির নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী। বিয়ে না হওয়ায় গতকাল বৃহস্পতিবার সে চারু ও কারুকলা পরীক্ষায় অংশ নিয়েছে।
আসমা বলে, ‘বিয়ে হলে আর পরীক্ষা দিতে পারতাম না, এখন লেখাপড়া করতে পারব, এ জন্য আমার খুব ভালো লাগছে।’