বাল্যবিবাহ থেকে স্কুলছাত্রীর রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তৎপরতায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। গতকাল সোমবার উপজেলার একটি গ্রামে ওই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছাত্রীর মা ও বাবাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ওই ছাত্রীর সঙ্গে পাশের পরশুরাম উপজেলার এক প্রবাসী যুবকের সঙ্গে গতকাল বিয়ের দিন ধার্য ছিল। দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ইউএনও কিসিঞ্জার চাকমা পুলিশ নিয়ে ছাত্রীর বাড়িতে হাজির হন। তখন বিয়ে বন্ধ করে তাৎক্ষণিক ছাত্রীর মাকে এক হাজার টাকা জরিমানা করেন। পরে ছাত্রীর বাবাকে ইউএনও কার্যালয়ে এনে তাঁকেও এক হাজার টাকা জরিমানা করা হয়।

 ইউএনও কিসিঞ্জার চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই ছাত্রীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে তাঁর মা-বাবার কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।