বাল্যবিবাহ দিতে চাওয়ায় বর ও কনের বাবাকে কারাদণ্ড
বাল্যবিবাহ দেওয়ার সময় পঞ্চগড়ের বোদা উপজেলায় বর ও কনের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার মাড়েয়া ইউনিয়নে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাড়েয়া ইউনিয়নের আবদুস সালামের ছেলে আবদুর রহিম এবং একই ইউনিয়নের সিপাইপাড়া গ্রামের ফজলুল হকের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের দিন ধার্য হয় মঙ্গলবার। ওই দিন বেলা তিনটায় বরপক্ষ এসে হাজির হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আওয়াল, স্থানীয় চেয়ারম্যান রুহুল আমিন ও বোদা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সালাম সেখানে উপস্থিত হন। তাঁদের হস্তক্ষেপে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ হয়। এ সময় ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর ও কনের বাবাকে তাৎক্ষণিক ওই সাজা দেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজনুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত দুজনকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।