বাল্যবিবাহ দিতে বয়স বাড়িয়ে জন্ম সনদ!
মেয়েটি (১৪) নবম শ্রেণীর ছাত্রী। রোল নম্বর-১। এই ছাত্রীকে বিয়ে দিতে অভিভাবকেরা তার বয়স বাড়িয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে একটি জন্ম সনদ নিয়েছেন। কাল সোমবার ওই ছাত্রীর বিয়ের দিন ধার্য করা হয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠান, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের গোয়ালবাড়ীর কচুরগুল উচ্চবিদ্যালয়ের ছাত্রী। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়েটি হওয়ার কথা।গতকাল শনিবার বিকেলে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহের প্রসঙ্গ তুললে স্বজনেরা একটি জন্ম সনদ বের করে দেখান। জন্ম সনদটি দেওয়া হয়েছে গত ৭ নভেম্বর। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর আছে। সনদে ছাত্রীর জন্মতারিখ উল্লেখ করা হয়েছে, ৫ জুন ১৯৯২।ছাত্রীর বাবা বিয়ের আমন্ত্রণপত্র বিলি করতে বাড়ির বাইরে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ছাত্রীকে ডাকলে সে কোনো কথা বলেনি। তার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছিল। একপর্যায়ে স্বজনেরা তাকে অন্য কক্ষে নিয়ে যান।ছাত্রীর মা সিরাজুন বেগম (৩৫) বলেন, ‘দামানে (বর) খইছইন (বলেছেন) বিয়ার পরে পুড়িরে (মেয়েকে) পড়াইবা (লেখাপড়া করাবেন)।’কচুরগুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন মুঠোফোনে গতকাল বলেন, ‘আমার জানামতে, মেয়েটির বয়স ১৪ বছরের বেশি নয়।’গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ বলেন, ‘অভিভাবকেরা ছাত্রীর বড় বোনের (বিবাহিতা) কথা বলে একটি জন্ম সনদ নিয়েছেন। সনদটি প্রতারণা করে তাঁরা (অভিভাবকেরা) নিলেন কি না, খোঁজ নিয়ে দেখছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা প্রথম আলোকে বলেন, খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে বাল্যবিবাহ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।