বাল্যবিবাহ দেওয়ায় পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বর ও কনের বাবাসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় বিবাহ নিবন্ধনকারীসহ (কাজি) ছয়জনকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ এই রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব মাতাপুর গ্রামের বর আরিফুল ইসলাম ওরফে সুমন (৩২) ও আবদুর রশিদ (৪০), কাজির সহকারী নলডাঙ্গা গ্রামের ইদ্রিস আলী (৫৬) এবং বাল্যবিবাহে উদ্বুদ্ধকারী মাতাপুর গ্রামের মিজান (১৮) ও রিকু (২৬)। এর মধ্যে মিজানকে দুই মাস এবং অন্যদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া বিয়ের সাক্ষী পূর্ব মাতাপুর গ্রামের বাসিন্দা সবুজ, শামিম হোসেন ও নুরুন্নবী, উকিল আবদুল গাফ্ফার, রুকিন্দীপুর ইউনিয়নের কাজি এনামুল হক ও মৌলভি ইসরাইলকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গত মঙ্গলবার মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উপজেলার পূর্ব মাতাপুর গ্রামের আরিফুল ইসলাম নামের এক বিবাহিত যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়।
এলাকাবাসীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বুধবার রাতে কনের বাবার বাড়িতে গিয়ে বর-কনে, কনের বাবা ও বিয়ের সাক্ষীকে আটক করে। পরে বর-কনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে বাল্যবিবাহের জন্য উদ্বুদ্ধকারী, বিয়ে পড়ানোর মৌলভি, কাজি ও তাঁর সহকারীকে আটক করা হয়। আটক ১১ জনকে গতকাল ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালতের বিচারক পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ছয়জনকে জরিমানা করেন। সাজাভোগের জন্য পাঁচজনকে গতকালই কারাগারে পাঠানো হয়েছে।