আইনের কঠোর প্রয়োগ, শিক্ষার প্রসার, দারিদ্র্য দূর করা এবং সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। শুধু ‘না’ বললেই বাল্যবিবাহ প্রতিরোধ করা যাবে না। এটিকে বর্বর কাজ হিসেবে দেখতে হবে। ঘৃণার চোখে দেখতে হবে।
‘বাল্যবিবাহকে না বলো’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে সহযোগিতা করে ইউএনএফপিএ।
গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ওয়াসিকা আয়েশা খান। আলোচনায় অংশ নেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (খাগড়াছড়ি) সচিব মো. মাহবুবুর রহমান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত ও ইউএনএফপিএর জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার শামীমা পারভিন। স্বাগত এবং সমাপনী বক্তব্য দেন যথাক্রমে ডেইলি স্টার-এর বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা শাহরিয়ার শহীদ ও চট্টগ্রাম ব্যুরোর প্রধান রইসুল হক।
ওয়াসিকা আয়েশা খান বলেন, বাল্যবিবাহ রোধে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা দরকার। শিক্ষা ও দারিদ্র্য এ ক্ষেত্রে বড় বাধা। সামাজিক ও গণসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বাল্যবিবাহ ও ইভ টিজিংয়ের ক্ষেত্রে প্রশাসন কোনো ছাড় দিচ্ছে না। তবে কিছু জনপ্রতিনিধি কখনো কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এসব ক্ষেত্রে তাঁদের আরও সচেতন হতে হবে। জবাবদিহি থাকতে হবে তাঁদের কাজের। তাহলে কেউ বাল্যবিবাহ রোধে প্রতিবন্ধক হবেন না।
পার্বত্য ভূমি কমিশনের সচিব মাহবুবুর রহমান বলেন, সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। একই সঙ্গে বাল্যবিবাহ রোধে আইনের যথাযথ প্রয়োগ দরকার।
সাঈদ আল নোমান বলেন, বাল্যবিবাহের মাধ্যমে একজন মেয়েকে উজ্জ্বল সম্ভাবনা থেকে বঞ্চিত করা হয়। এর ফলে মেয়েটি একটি অসুস্থ শিশু জন্ম নিতে পারে।
গোলটেবিলটি পরিচালনা করেন উন্নয়ন পরামর্শক মাহফুজুল বারী চৌধুরী। প্যানেল বক্তব্যের পর মুক্ত আলোচনায় অংশ নেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এবং চট্টগ্রাম বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘কেবলমাত্র আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শিশুবিবাহ রোধ করা সম্ভব’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়।