বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা, বাবা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় বাবাকে এক মাসের বিনাশ্রম দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার জয়পুরহাট সদর উপজেলার মোহম্মাদাবাদ ইউনিয়নের বেলআমলা গ্রামে।আদালত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের আবদুর রহিমের (৩০) সঙ্গে বেলআমলা গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর (১১) বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছিল গতকাল রোববার। রহিম বেলআমলা গ্রামের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। সময়সূচি অনুযায়ী গতকাল কনের বাড়িতে আত্মীয়স্বজন, বর ও কাজি উপস্থিত হন। এ খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা দুপুর পৌনে দুইটার দিকে বিয়েবাড়িতে হাজির হন। তাঁদের উপস্থিতি টের পেয়ে কাজি, বর ও বরযাত্রীরা সেখান থেকে পালিয়ে যান। তবে কনের বাবাকে গ্রেপ্তার করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, কনের বাবা হেলাল উদ্দিন আদালতের কাছে নিজের দোষ স্বীকার এবং ক্ষমাপ্রার্থনা করেছেন। এ জন্য তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) উপমার নির্বাহী পরিচালক সুজন কুমার মণ্ডল জানান, তিনি মেয়েটির বাল্যবিবাহ বন্ধ করার জন্য অভিভাবকদের অনেক বুঝিয়ে ব্যর্থ হয়েছেন। পরে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করায় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে হাজির হন। বাল্যবিবাহ-সংক্রান্ত ঘটনায় এটাই জেলায় প্রথম সাজা বলে জানা গেছে।