কিশোর-কিশারীদের বিয়ে দেওয়ার প্রবণতা একটি মনস্তাত্ত্বিক সমস্যা। সামাজিক নিরাপত্তা, পুরুষতান্ত্রিক চিন্তা-ভাবনার পরিবর্তন, সামাজিক সচেতনতা ও পরিবারের ভূমিকা কমিয়ে দিতে পারে বাল্যবিবাহ। গণমাধ্যম ও ধর্মীয় নেতারা এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারেন।
গতকাল রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে কিশোর-কিশোরী ও যুবসমাজের অধিকার নিয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত এক মতবিনিময় সভায় আলোচকেরা এ কথা বলেন।
মতবিনিময় সভায় ইউএনএফপিএর প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা একটি সমাজের ঐতিহ্য পরিবর্তন করা সহজ নয়। তাই সমাজে বাল্যবিবাহ নিয়ে খোলামেলা কথা বলতে হবে।
আর্জেন্টিনা মাতাভেল বলেন, সমাজের বেশির ভাগ মানুষ যখন বাল্যবিবাহের ক্ষতির দিক নিয়ে কথা বলবে, তখনই এটা পরিবর্তন হবে।
ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহ্উদ্দিন আহমেদ বলেন, সংস্কৃতি পরিবর্তনশীল, আর যুবসমাজকেই এই পরিবর্তনের হাল ধরতে হবে।
সালেহ্উদ্দিন আহমেদ বলেন, মেয়েদের ধ্যানধারণার পরিবর্তন হয়েছে, এবার ছেলেদের পরিবর্তনের ধারায় অংশীদার হতে হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিলের এদেশীয় পরিচালক ওবায়দুর রব বলেন, কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে মেয়েদের ঝরে পড়া বন্ধ, মেয়েদের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে পারলে বাল্যবিবাহ কমানো সম্ভব হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, কিশোর-কিশোরীর ব্যাপারে ইউএনএফপিএর অবস্থানের সঙ্গে ডেইলি স্টার একমত। সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য ডেইলি স্টার সব সময় কাজ করে যাবে বলে অভিমত দেন তিনি।
সভায় কয়েকজন কিশোর-কিশোরী তাদের মতামত তুলে ধরে। এদের মধ্যে রোমানা বলে, অভিভাবকদের অজ্ঞতা ও অশিক্ষাও বাল্যবিবাহের অন্যতম কারণ।
শামিমা ইসলাম বলে, অনেক মেয়ে তাদের অধিকার সম্পর্কে জানে না, অধিকার সম্পর্কে তাদের জানানোর ব্যবস্থা করতে হবে।