বাল্যবিবাহ দেওয়ায় একজনের দণ্ড
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাল্যবিবাহ দেওয়ার দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল আকতার তাঁকে এ কারাদণ্ড দেন।দণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম মো. সাইদুর রহমান (৬৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার চরসাদীপুর গ্রামে ১১ বছর বয়সী এক মেয়েকে বিবাহ দেওয়ার আয়োজনের খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সেখানে বেলা দেড়টা পর্যন্ত অবস্থান করে। পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার পর একই এলাকার সাইদুর রহমান মেয়ের বাড়িতে উপস্থিত হন। তিনি এখানে এসে ওই বাল্যবিবাহ দেন। এ খবর জানতে পেরে উপজেলা প্রশাসন সেখানে আবারও পুলিশ পাঠায়। পুলিশ ঘটনাস্থলে এসে সাইদুরকে আটক করলেও বর-কনে ও অভিভাবকেরা পালিয়ে যান।আদালতের বিচারক ইকবাল আকতার বলেন, সাইদুর নিজে উদ্বুদ্ধ হয়ে আইন অমান্য করে অবৈধভাবে বাল্যবিবাহ দিয়েছেন। যেহেতু ওই বিবাহের কোনো নিবন্ধন হয়নি, তাই বাংলাদেশ বিবাহ নিবন্ধন আইন মতে ওই বিবাহের কোনো বৈধতা নেই। দৌলতপুর থানার ওসি লুৎফর রহমান বলেন, বুধবার রাত আটটার দিকে সাইদুর রহমানকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডল জানান, অবৈধভাবে বিবাহ হলেও এ ব্যাপারে ব্যবস্থা নিতে গেলে সামাজিকভাবে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে। এ কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।