বাল্যবিবাহ দেওয়ায় চারজনের জেল ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুজনকে কারাদণ্ড প্রদান ও দুজনকে জরিমানা করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম এ রায় দেন।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী জানান, উপজেলার শোভনালী গ্রামের খোকন দাসের মেয়ে সরলা বালা দাসের (১৪) সঙ্গে একই উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের ফজো দাসের ছেলে দীপঙ্কর দাসের (১২) এক মাস আগে গোপনে বিয়ে হয়। এ খবর জানতে পেরে প্রতিকার চেয়ে ফজো দাসের স্ত্রী টুক্কি দাস (দীপঙ্করের মা) গত বৃহস্পতিবার আশাশুনির ইউএনওর কাছে আবেদন করেন। গতকাল ইউএনও উভয় পক্ষের অভিভাবকদের আটক করে থানায় নিয়ে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরলা দাসের বাবা খোকন দাসকে ১৪ দিন ও দীপঙ্করের ভাই তরুণ দাসকে সাত দিনের কারাদণ্ড দিয়ে তাঁদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠান।এদিকে গত মঙ্গলবার উপজেলার শালখালী গ্রামের কালাম গাজীর মেয়ে মনিরা খাতুনের (১৩) সঙ্গে সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেনের (২০) বিয়ে হয়। এ ঘটনায় ইউএনও মনিরা খাতুনের ভগ্নিপতি আকবর হোসেনকে এক হাজার টাকা জরিমানা ও ইসমাইল হোসেনের পক্ষের ঘটক ভাড়ুখালি গ্রামের আবুল মিনহাজকে ৫০০ টাকা জরিমানা করেন।