বাল্যবিবাহ দেওয়ায় বাবা-মাসহ ছয়জনের জেল-জরিমানা
বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মেয়ের বাবা-মাসহ ছয় ব্যক্তির জেল ও জরিমানা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম এই জেল-জরিমানার আদেশ দেন।মেয়ের বাবা আবুল হোসেন ও মা অজিফা খাতুনকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। বিয়েতে সহযোগিতা করার দায়ে জাহানারা খাতুন, ইউপি সচিব খলিলুর রহমান, নিকাহ রেজিস্ট্রার আসাদুর রহমান ও মালেক বাদশাকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন। তাঁদের সবার বাড়ি তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের ব্রহ্মতল ও ডেমগছ গ্রামে।ওই গ্রামের আবুল হোসেন তাঁর নাবালিকা মেয়েকে ৩১ মে বিয়ে দেন। গ্রামের আনসার ভিডিপি সদস্য সাহেব আলী বাধা দিলে তাঁকে মারধর করা হয়। বাল্যবিবাহের ঘটনাটি সাহেব আলী ইউএনওকে লিখিতভাবে জানান। ইউএনও নোটিশের মাধ্যমে আসামিদের হাজির করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণা করেন। আসামিরা জরিমানার টাকা জমা দিয়ে ছাড়া পান।এ সময় তেঁতুলিয়া থানার এসআই ইব্রাহীম হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার আরিফুজ্জামান, মহিলাবিষয়ক কর্মকর্তা করুণাকান্ত রায়, তিরনইহাট ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।