বাল্যবিবাহ দেওয়ায় মেয়ের চাচা ও ইমামের কারাদণ্ড
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া এলাকায় ভাতিজিকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে চাচা হযরত আলী (৪৫) ও বিয়ের কলেমা পড়ানো ইমাম জব্বার মোল্লাকে (৭৫) সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বাল্যবিবাহ দেওয়ার ঘটনা জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে ওই দিন সন্ধ্যায়ই বিয়েটি হয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত দায়ী চাচা ও ইমামকে এ সাজা দেন।
ইউএনও রুহুল আমিন বলেন, ওই দিন সন্ধ্যায় গোপনে আশরাফ আলীর মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া আয়েশা খাতুনের সঙ্গে আটঘরিয়া গ্রামের সানু মোল্লার ছেলে শান্ত ইসলামের বিয়ের কলেমা পড়ানো হয়। টের পেয়ে বর-কনে ও তাঁদের বাবা-মা পালিয়ে যান।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দয়াল কুমার ব্যানার্জি বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।