বাল্যবিবাহ দেশকে পিছিয়ে দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল বাংলাদেশ গার্ল সামিট উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ (মাঝে)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সরকারের মন্ত্রী লিন ফেদারস্টোন (বাঁয়ে) ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ l ছবি: প্রথম আলো
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল বাংলাদেশ গার্ল সামিট উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ (মাঝে)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সরকারের মন্ত্রী লিন ফেদারস্টোন (বাঁয়ে) ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ l ছবি: প্রথম আলো

উন্নয়নের বেশ কিছু সূচকে এগিয়ে থাকলেও শুধু বাল্যবিবাহ রোধ করতে না পারায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। গতকাল সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ গার্ল সামিটে’ এই মন্তব্য করেন আলোচকেরা। বিভিন্ন ক্ষেত্রে অনুকরণীয় ব্যক্তিরা এ সময় বাল্যবিবাহ রোধে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন।
লন্ডনে গত জুলাইতে গার্ল সামিট অনুষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশেও ‘গার্ল সামিট’ আয়োজিত হলো। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও উন্নয়ন সহযোগী সংস্থা ডিএফআইডির সহযোগিতায় ব্র্যাক সম্মেলনটির আয়োজন করে। স্লোগান ছিল ‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাও স্বপ্ন নিয়ে’।
অনুষ্ঠানে বলা হয়, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ব্র্যাকের হিসাবে বাংলাদেশে প্রতি তিনটি বিয়ের দুটিতেই কনের বিয়ের বয়স ১৮ বছরের নিচে। দরিদ্র পরিবারের ৮০ শতাংশ এবং ধনী পরিবারের মধ্যে ৫৩ শতাংশ পরিবারে বাল্যবিবাহ হয়।
স্যার ফজলে হাসান আবেদ বলেন, বাল্যবিবাহ দুইভাবে ক্ষতি করছে। বাল্যবিবাহের কারণে স্বল্প ওজনের শিশু জন্ম নিচ্ছে, শিশু খর্বাকৃতির হয়ে যাচ্ছে। এ ছাড়া মেয়েদের শিক্ষার সুযোগ, স্বাবলম্বী হওয়ার সুযোগও সংকুচিত হচ্ছে। তিনি বাবা-মা ও অভিভাবকদের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
সম্মেলনের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বাল্যবিবাহ রোধে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, সংশোধিত আইনে এফিডেভিটের মাধ্যমে বয়স বদলানোর সুযোগ বন্ধ করা হচ্ছে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ ১৮ বছরের নিচে বিয়ে বন্ধ করতে সফল হবে।

তবে প্রতিমন্ত্রী সম্মেলনে উপস্থিত কিশোরী ও তরুণীদের মুঠোফোনে সামান্য আলাপ-পরিচয়ের সূত্র ধরে কারও কথায় ঘর না ছাড়ার অনুরোধ করেন। তিনি বলেন, নিজের ভালো যে না বুঝবে, কেউ তাকে অধিকার দিতে পারবে না।

গত জুলাইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের আগে ১৫ বছরের নিচে এবং ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বিয়ের বয়স কমানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক উপমন্ত্রী লিন ফিদারস্টোন বলেন, বাংলাদেশসহ ১২টি দেশে বাল্যবিবাহ বন্ধে যুক্তরাজ্য সরকার আড়াই কোটি টাকা দেবে। তিনি বাল্যবিবাহ রোধে কথার চেয়ে কাজ বেশি করার পরামর্শ দেন। লিন আরও বলেন, ‘বাল্যবিবাহ রোধের সব কার্যক্রমের কেন্দ্রে কন্যাশিশুদের রাখতে হবে। কারণ, তাদের দেহ ও জীবন আজ হুমকির মুখে।’

অনুষ্ঠানে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি হাসিনা নেওয়াজ, অতিরিক্ত পুলিশ কমিশনার মিলি বিশ্বাস, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বাল্যবিবাহ রোধে প্রতিশ্রুতি দেন। সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের পাঠানো প্রতিশ্রুতিটি পড়েন ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ ও বাংলাদেশ উইমেন চেস্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন সেলিমা আহমদের প্রতিশ্রুতি পড়ে শোনান হাসিনা নেওয়াজ।

অনুষ্ঠানে বাল্যবিবাহের কবল থেকে মুক্তি পাওয়া তিন কিশোরী, বাল্যবিবাহ রোধে কাজ করেছে এমন কিশোরেরা বক্তব্য দেয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তরুণেরা অভিজ্ঞতা বিনিময় করেন। ‘তারুণ্যের আওয়াজ’ শীর্ষক ওই অংশটি পরিচালনা করেন শিশু একাডেমীর চেয়ারপারসন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।

একসময় বাল্যবিবাহের শিকার হতে বসেছিলেন এমন এক তরুণী নীতু রায় এখন ক্রিকেট কোচ হিসেবে কাজ করছেন। তিনি লন্ডনে গার্ল সামিটে অংশও নেন। নীতু রায় বলেন, ‘একটা সময় আমাকে দেখলে যারা নানাভাবে হয়রানি করত, তারা এখন বলে, নীতু ভালো আছ? তোমার কাজ কেমন চলছে।’ তিনি সব মেয়েকে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।