বাল্যবিবাহ না দেওয়া ও প্রতিরোধে লিখিত অঙ্গীকার
‘বাল্যবিবাহ দেব না, বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতায় কাজ করব’ রংপুরের বদরগঞ্জে গতকাল মঙ্গলবার সমাজের গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও সুধী সমাজের নেতারা এই অঙ্গীকার করেছেন। বাল্যবিবাহ প্রতিরোধে এক ওরিয়েন্টেশন সভায় লিখিতভাবে এ অঙ্গীকার করেন তাঁরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা হয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ সভার আয়োজন করে। সভায় বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইএসডিওর টেকনিক্যাল কো-অর্ডিনেটর হারিসুল ইসলাম প্রমুখ।
সভায় কয়েকজন বলেন, বদরগঞ্জকে গত জুন মাসে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার কথা ছিল। কিন্তু তৎকালীন ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বদলি হয়ে যাওয়ার পর বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমে ভাটা পড়ে।
ইএসডিওর মনিটরিং কর্মকর্তা আবু ওয়ালিদ বলেন, পরে সভায় ১০২ জন গণ্যমান্য ব্যক্তি বাল্যবিবাহ প্রতিরোধে লিখিত অঙ্গীকার করেন।
এদিকে এ বিষয়ে কথা বলতে গতকাল বর্তমান ইউএনও কাজী আবেদা গুলশানের মুঠোফোনে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।