বাল্যবিবাহ না পড়ানোয় কাজি অফিস ভাঙচুর
বাল্যবিবাহ না পড়ানোয় কাজি অফিস ভাঙচুর করেছে কনেপক্ষের লোকজন। গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও গ্রামের প্রবাসী আবুল বশরের মেয়ের (১৪) সঙ্গে লালানগর ইউনিয়নের পূর্ব মোল্লাপাড়া গ্রামের মৃত খায়েজ আহমদের প্রবাসী ছেলে নজরুল ইসলামের (২৮) বিয়ের দিন ঠিক হয়। শুক্রবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় ওই বিয়ে পড়াতে রাজি হননি দক্ষিণ রাজানগর ইউনিয়নের কাজি মাওলানা আবদুল কুদ্দুছ। পরে লালানগর ইউনিয়নের কাজি মাওলানা মো. জসিম উদ্দিন ওই বিয়ে পড়ান। আর বিয়ে না পড়ানোর কারণে মেয়ের চাচা জাহাঙ্গীর আলম কয়েকজন সহযোগী নিয়ে সন্ধ্যা ছয়টায় ধামাইরহাট এলাকায় কাজি মাওলানা আবদুল কুদ্দুছের অফিস ভাঙচুর ও তছনছ করে। কাজি মাওলানা আবদুল কুদ্দুছ জানান, মেয়ের চাচা জাহাঙ্গীর আলম ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত নিয়ে প্রথমে তাঁকে খোঁজ করে। না পেয়ে তারা অফিসের দরজা-জানালার কাচ ও আসবাব ভাঙচুর করে। বিষয়টি দক্ষিণ রাজানগর ইউপি সদস্য আলমগীর কবির শাহ মীমাংসার আশ্বাস দেওয়ায় এ ব্যাপারে তিনি কোনো অভিযোগ করেননি।এ ব্যাপারে যোগাযোগ করা হলে জাহাঙ্গীর আলম জানান, ‘মেয়েটি সোনারগাঁও উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তার বয়স ১৪ নয়, ১৭ বছরের কিছু কম। তা ছাড়া পরিবারের সুবিধামতো মেয়ের বিয়ে দেব তাতে কাজির কী?’ ক্ষোভে কাজি মাওলানা আবদুল কুদ্দুছের অফিস ভাঙচুর করা হয় বলে জানান তিনি। কাজি মাওলানা মো. জসিম উদ্দিন বলেন, ‘১৮ বছরের কম হওয়ায় আমার প্রতিনিধি ওই বিয়ে রেজিস্ট্রি করাননি। রেজিস্ট্রি ছাড়াই স্থানীয় মৌলভি সাহেব দিয়ে এ বিয়ে পড়ানো হয়েছে।’বর নজরুল ইসলাম বলেন, ‘মেয়ের বয়স কম, এটা সত্য। তবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তো আমরা জোর খাটাইনি। সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করে মেয়ে ঘরে তুলেছি।’ বিয়ে রেজিস্ট্রি পরে করা হবে বলে জানান তিনি। দক্ষিণ রাজানগরের ইউপি সদস্য আলমগীর কবির প্রথম আলোকে বলেন, কম বয়সে মেয়ে বিয়ে দেওয়া বেআইনি। তার ওপর বাল্যবিবাহ না পড়ানোয় কনেপক্ষ কাজি অফিস ভাঙচুর করে অপরাধ করেছে। তবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।