বাল্যবিবাহ নিবন্ধন করায় কাজি গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বাল্যবিবাহ নিবন্ধন করার অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে এক কাজিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বর ও কাজির বিরুদ্ধে ধুনট থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী (১৩) গত ২৪ মার্চ প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে ধুনট বাজারের সোনামুখী রোড থেকে উপজেলা সদরের বেলকুচি গ্রামের জয়নাল শেখের ছেলে কামরুল হাসান (২০) তাকে জোরপূর্বক ভ্যানযোগে কাজি ওমর ফারুকের উল্লাপাড়া গ্রামের বাড়িতে নিয়ে যান। কাজি ওমর ফারুক সেখানে তাঁদের বিবাহ সম্পাদন ও নিবন্ধন করেন। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত মঙ্গলবার বিকেলে ধুনট থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ওই রাতেই কাজি ওমর ফারুককে আটক করে। কাজি ওমর ফারুক বলেন, ‘উল্লিখিত বিবাহের নিবন্ধন আমি সম্পাদন করি নাই। প্রকৃতপক্ষে গোপালনগর ইউনিয়নের কাজি মতিউর রহমান আমার বাড়িতে উক্ত বিবাহের কার্য সম্পাদন করেছেন। তবে ওই সময় আমি বাড়িতে ছিলাম না।’ কাজি মতিউর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ফারুক ও তাঁর কেরানির মাধ্যমে এ ঘটনা ঘটে। শত্রুতামূলক আমাকে জড়ানোর চেষ্টা করছে।’ তদন্ত কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আবদুস ছালাম জানান, গতকাল বুধবার সকালে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। কাজি ওমর ফারুককে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর কাজি ও বরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।