বাল্যবিবাহ নিবন্ধন করায় কাজিসহ দুজনের দণ্ড
একাধিক বাল্যবিবাহ নিবন্ধন করার দায়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় একজন কাজি ও তাঁর এক সহকারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বেরকী গ্রামে আদালত বসিয়ে তাঁদের এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাল্যবিবাহ হচ্ছে—এমন খবর পেয়ে গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল মাসুদ ও শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাহাব উদ্দিন বেরকী গ্রামে কাজি মফিজুল ইসলামের বাড়িতে যান। ইউএনও মফিজুলের কাবিননামা নিবন্ধনের বই খুলে দেখেন। ওই বই ঘেঁটে ১৪, ১৫, ১৬ ও ১৭ বছর বয়সী ১০-১২ জন মেয়ের বিয়ে নিবন্ধন করার সত্যতা পাওয়া যায়। এতে ইউএনও সামিউল মাসুদ তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মফিজুল ইসলাম ও তাঁর সহকারী ছিদ্দিকুর রহমানকে এক মাসের কারাদণ্ডাদেশ দেন।
সামিউল মাসুদ বলেন, গত সোমবার সন্ধ্যায় মফিজুল ইসলাম ও তাঁর সহকারী ছিদ্দিকুর রহমান এলাকায় একটি বাল্যবিবাহ নিবন্ধন করেছেন। এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তাঁর বাড়িতে গিয়ে বিয়ে নিবন্ধন বই যাচাই করা হয়। সেখানে সম্প্রতি ১০-১২ জন মেয়ের বাল্যবিবাহ নিবন্ধনের প্রমাণ মিলেছে। মফিজুলের বিয়ে নিবন্ধনের ছাড়পত্র বাতিলের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হবে।