বাল্যবিবাহ নিবন্ধন না করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের নিকাহ নিবন্ধক (কাজি) আবু মুছা আর কখনো বাল্যবিবাহের নিবন্ধন করবেন না বলে অঙ্গীকার করেছেন। গতকাল রোববার দুপুরে স্থানীয় ডাকবাংলোতে সংবাদ সম্মেলন ডেকে তিনি ওই অঙ্গীকার করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু মুছা দাবি করেন, তাঁর বিরুদ্ধে বাল্যবিবাহ নিবন্ধনের যে খবর স্থানীয় ও জাতীয় বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। কিছু সাংবাদিক ভুল বুঝে তাঁর বিরুদ্ধে সংবাদ পরিবেশন করে সামাজিকভাবে তাঁর সুনাম ক্ষুণ্ন করেছেন। তিনি বলেন, ‘এর পরও আমি আপনাদের কাছে (সাংবাদিকদের) অঙ্গীকার করছি, আর কখনো বাল্যবিবাহ নিবন্ধন করব না।’
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গঠিত তদন্ত কমিটিতে বাল্যবিবাহ নিবন্ধন করার সত্যতা এবং জরিমানা করার বিষয়ে জানতে চাইলে আবু মুছা বলেন, ‘ইউএনও আমার কাগজপত্র না দেখে, না বুঝে এসব করেছেন।’
সংবাদ সম্মেলনে উপজেলা কাজি সমিতির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল মাবুদ উপস্থিত থাকলেও তাঁরা কোনো মন্তব্য করেননি।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, বাল্যবিবাহ নিবন্ধন করার অভিযোগে ২০১৩ সালে কাজি আবু মুছাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ এক হাজার টাকা জরিমানা করেন। পরে আবারও একাধিক বাল্যবিবাহ নিবন্ধন করার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। সত্যতা পেয়ে ইউএনও গত বছরের ৯ সেপ্টেম্বর আবু মুছার নিকাহ্ নিবন্ধন বাতিলের জন্য জেলা নিবন্ধকের কাছে চিঠি দেন। কিন্তু এখনো তাঁর নিবন্ধন বাতিল করা হয়নি। এর পরও গত তিন মাসে তাঁর বিরুদ্ধে ২০টি বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ২৪ নভেম্বর ইউএনও ওই কাজিকে নিবন্ধন বইসহ আজ সোমবার সকাল ১০টায় তাঁর কার্যালয়ে হাজির হতে লিখিতভাবে নির্দেশ দেন।
ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ গতকাল রোববার বলেন, বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগে আগামীকাল (আজ সোমবার) ওই কাজিকে নিবন্ধন বইসহ তলব করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হবে।
গত বছরের ২৮ জুলাই প্রথম আলোয় ‘বাল্যবিবাহের কাজি’, গত ৮ জুন ‘নয় মাসেও সেই কাজির নিবন্ধন বাতিল করা হয়নি’ এবং গত শনিবার ‘তবু শাস্তি হয় না মুছার/৭০টি বাল্যবিবাহ নিবন্ধন’ শিরোনামে তিনটি সংবাদ প্রকাশিত হয়।