বাল্যবিবাহ নিবন্ধনের দায়ে কাজির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় বাল্যবিবাহ নিবন্ধন করার দায়ে নিবন্ধনকারী (কাজি) ও তাঁর এক সহকারীকে গতকাল বৃহস্পতিবার এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন নিবন্ধনকারী (কাজি) মো. আবদুল মন্নান (৪২) ও তাঁর সহকারী আবদুল্লা আল মামুন (২৮)। তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার সদর উপজেলার নবম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের সংবাদ শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল করিম ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেন। গতকাল সকালে ইউএনও জানতে পারেন, ওই স্কুলছাত্রী অন্য একজনকে নিজের পছন্দে বিয়ে করেছে। স্থানীয় কাজি মো. আবদুল মন্নানের পক্ষে তাঁর সহকারী আবদুল্লা আল মামুন বয়স বাড়িয়ে দেখিয়ে ওই বিয়ে নিবন্ধন করেন। এ ঘটনায় ইউএনও ওই কাজি ও তাঁর সহকারীকে বিয়ের নিবন্ধন বই, নিবন্ধন ফি আদায়ের রসিদ বই ও অন্যান্য কাগজপত্র নিয়ে তাঁর কার্যালয়ে উপস্থিত হতে বলেন। পরে কাগজপত্র পরীক্ষা করে তিনি বাল্যবিবাহের বিষয়টি নিশ্চিত হন। তা ছাড়া অভিযুক্ত ব্যক্তিরাও নিজেদের দোষ স্বীকার করেন।