বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ ধারা বাতিলে রাজনৈতিক আন্দোলনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, মৌলবাদী বিশেষ গোষ্ঠীকে ছাড় দিচ্ছে বলেই প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ ধারার মাধ্যমে সরকার বাল্যবিবাহকে বৈধতা দেওয়ার চিন্তা করছে। এখন আর ধর্মনিরপেক্ষতার কথা বলা হয় না। পাঠ্যপুস্তকেও ঘটছে নানা পরিবর্তন।

আজ শনিবার বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬-এর বিশেষ ধারা বাতিল করার দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের ঢাকা মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতে, বিদ্যাসাগরের আমলে বাল্যবিবাহ নিরোধের আন্দোলন হয়েছে। ব্রিটিশ আমলেও বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ ছিল। যতই উন্নতি, পরিবর্তন আসুক, সমাজের বৈষম্যমূলক কাঠামোর পরিবর্তন হয়নি। রাষ্ট্রের মৌলিক চরিত্রে পরিবর্তন আসেনি। সমাজে এখনো পিতৃতান্ত্রিকতা বিরাজ করছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বাল্যবিবাহের বিশেষ ধারা বাতিলে এনজিওগুলোর আন্দোলন থেমে গেছে, আরও চুপ মেরে যাবে। আর আন্দোলন এনজিওগুলো করলে চলবে না। প্রয়োজন রাজনৈতিক আন্দোলন। আর মেয়েদের বিয়ের বয়স কমানো সংক্রান্ত আইনে বিশেষ ধারা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ঢাকা নগর শাখার সভাপতি সুলতানা আক্তার। চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, কবি, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বাল্যবিবাহের কুফল, কেন বিশেষ ধারা বাতিল করতে হবে, তা নিয়ে বক্তব্য তুলে ধরেন। তাঁরা দাবি করেন, ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। শিশুর ওপর আরেক শিশুর দায় চাপানো চলবে না। ধর্ষণের ক্ষেত্রে সাক্ষ্য আইনে পরিবর্তন আনতে হবে। নারী যাতে সন্তানের অভিভাবক হতে পারেন, সে জন্য ভারতের মতো আইনে সংশোধনী আনতে হবে। কন্যাশিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সভায় মূল বক্তব্য পড়ে শোনান ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক তাসলিমা নাজনীন।
সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বর্তমানে অনেক কিশোরী নিজে নিজের বাল্যবিবাহ প্রতিরোধ করছে। সমাজ অগ্রসর হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব একটি সমর্থন বলয় তৈরি করা। তা না করে যে মেয়েরা লড়াই করছে, সরকার তাদের বিরুদ্ধে আইনি অস্ত্র ব্যবহার করছে। সরকারের কী হলো হঠাৎ? উন্নয়নের মহাসড়কে গিয়ে সরকারের পা কেন পেছন দিকে যাচ্ছে? সংসদে বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে প্রধানমন্ত্রী কেন এত অসহিষ্ণু প্রতিক্রিয়া দেখালেন? ধর্ষণ হচ্ছে বলে বখাটের কাছে বিয়ে দিতে হবে?
আনু মুহাম্মদ বলেন, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পরিসংখ্যান একটি বড় ব্যাপার হতে পারে। বিশেষ ধারা যুক্ত করলে বাল্যবিবাহের ক্ষেত্রে পরিসংখ্যানগতভাবে একটি ভালো চেহারা দেখাতে পারবে সরকার। বড় ধরনের সমষ্টিগত প্রতিবাদ করা ছাড়া এ ধরনের পরিস্থিতি থেকে রেহাই পাওয়া যাবে না বলে তিনি মন্তব্য করেন।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, দণ্ডবিধিসহ দেশের বিদ্যমান আইনে ১৬ বছরের কম বয়সী কারও সম্মতিতে যৌন সম্পর্ক করলেও তা ধর্ষণের সংজ্ঞায় পড়ছে। বাল্যবিবাহের ক্ষেত্রে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর থেকে কমানো হলে তা আর অপরাধ হিসেবে থাকছে না।