বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়া পাস করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ বিধানযুক্ত বাল্যবিবাহ নিরোধ আইন পাস না করার জন্য বাংলাদেশের সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনের নারী অধিকার বিভাগের জ্যেষ্ঠ গবেষক হিদার বার গত বৃহস্পতিবার সংগঠনটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে এ আহ্বান জানান।
বিশেষ বিধান যুক্ত ওই খসড়া আইন সংসদে পাস হলে তা বাংলাদেশের মেয়েদের বাল্যবিবাহের বড় ধরনের ঝুঁকির মুখে ফেলবে বলে মন্তব্য করেন হিদার বার। খসড়াটিকে বাল্যবিবাহ নিরোধের ক্ষেত্রে বড় রকমের পিছু হটা বলেও মন্তব্য করেন তিনি।
বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়া গত ২৪ নভেম্বর অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর রাখা হলেও বিশেষ ক্ষেত্রে ‘সর্বোত্তম স্বার্থে’ আদালতের নির্দেশে ও মা-বাবার সম্মতিতে যেকোনো অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের বিধান রাখা হয়েছে।
নিবন্ধে বলা হয়েছে, সারা বিশ্ব ও এশিয়ায় বাল্যবিবাহের সর্বোচ্চ হার যেসব দেশে রয়েছে সেগুলোর অন্যতম বাংলাদেশ। বাংলাদেশে বয়স ১৮তে পড়ার আগেই ৫২ শতাংশ মেয়ের বিয়ে হয়। আর বয়স ১৫ হওয়ার আগে বিয়ে হয় ১৮ শতাংশ মেয়ের। বাল্যবিবাহের কারণে মেয়েরা স্কুল ত্যাগ করতে বাধ্য হয়, আটকে যায় দারিদ্র্যের পাকে, পারিবারিক সহিংসতার ঝুঁকি বাড়ে এবং অল্প বয়সে সন্তান জন্মদানের ফলে মা ও নবজাতকের স্বাস্থ্য বিরাট ঝুঁকির মধ্যে পড়ে।
হিদার বার অভিযোগ করেন, বাল্যবিবাহ রোধের প্রতিশ্রুতি দিয়েও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেনি। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশ থেকে বাল্যবিবাহ দূর করার অঙ্গীকার করেছে। কিন্তু মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে ১৬তে নামিয়ে আনার চেষ্টা এই প্রতিশ্রুতিকে দারুণ সংশয়ের মধ্যে ফেলেছে।
হিদার বার বলেন, আইনটির বিরোধিতা করে বাংলাদেশের মেয়েদের পাশে দাঁড়ানোর এক গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে সাংসদদের জন্য। আইনটি পাস না করা তাঁদের বিশেষ দায়িত্ব। প্রসঙ্গত, বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ বিধান রাখার সমালোচনা করে এর অপব্যবহার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জেন্ডার বিশেষজ্ঞ ও নারীনেত্রীরা।