মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেছেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪’-এর খসড়াটি চূড়ান্ত করে শিগগিরই তা মন্ত্রিপরিষদের সভায় উত্থাপন করা হবে। আইনটি এমনভাবে করা হবে, যেন আগামী ১০০ বছরের মধ্যে তা আর সংশোধন করতে না হয়।
গতকাল সোমবার সিরডাপ মিলনায়তনে খসড়া আইন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) আর্থিক সহায়তায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এনাবলিং এনভায়রনমেন্ট ফর চাইল্ড রাইটস (ইইসিআর) প্রকল্প এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমী, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনের যে খসড়া করা হয়েছে, তাতে তাঁরা মতামত দেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ইইসিআর প্রকল্পের প্রকল্প পরিচালক আশরাফুন্নেসা সভায় সভাপতিত্ব করেন।
খসড়াটির বিভিন্ন অধ্যায় নিয়ে বিস্তারিত মতামত দেন সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ ইমান আলী। তিনি বলেন, এ ধরনের আইন করার আগে দেশের সামাজিক বাস্তবতার কথা মাথায় রাখতে হবে। বাল্যবিবাহের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বিয়েটা অনুষ্ঠিত হয়নি, সে ক্ষেত্রে সংশ্লিষ্টদের শাস্তির পরিমাণ কমানো যেতে পারে।
মতবিনিময় সভার পুরোটা সময় আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচকদের মধ্যে বিতর্ক চলতে থাকে। আলোচকেরা বাল্যবিবাহের ঘটনা যাতে না ঘটে, সে ধরনের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন। বাল্যবিবাহ যাতে না হয় এবং কেউ শিকার হলে সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার বিষয়টিতেও তাঁরা গুরুত্ব দেন। বিশেষ করে সরকারের পক্ষ থেকে নজরদারির ব্যবস্থা জোরদার করতে হবে বলে উল্লেখ করেন তাঁরা।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী আইনে শাস্তির কঠোর বিধান থাকার পক্ষে মত দেন। তাঁর মতে, ১৯২৯ সালে বাল্যবিবাহ প্রতিরোধের আইনটি বর্তমানে প্রচলিত। কিন্তু সেই আইনে শাস্তির পরিমাণ কম থাকায় তার বাস্তবায়ন নেই বললেই চলে। বিয়ের সময় জন্মনিবন্ধন সনদ দেখানোর পাশাপাশি জাতীয় পরিচয়পত্র দেখানোর সুপারিশ করেন সালমা আলী। কেননা জন্মনিবন্ধন সনদে অনেকেই বয়স বাড়িয়ে দেয়।
সভায় ইউনিসেফের উপপ্রতিনিধি লুইস মভনো, শিশু সুরক্ষা বিভাগের প্রধান রোস অ্যান প্যাপাভেরো প্রমুখ মতামত দেন।