বাল্যবিবাহ পণ্ড, তিনজনকে দণ্ড
নেত্রকোনা সদর উপজেলায় গত সোমবার রাতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর (১৫) বাল্যবিবাহ পণ্ড করেছে উপজেলা প্রশাসন। বাল্যবিবাহ আয়োজন করার দায়ে ছেলে, ছেলের বাবা ও মেয়ের বাবাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনিসুজ্জামান খান ওই জরিমানা করেন। পরে দণ্ড পাওয়া ব্যক্তিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
দণ্ড পাওয়া তিনজন হলেন মোহনগঞ্জ উপজেলার আলোকদিয়া গ্রামের নয়ন মিয়া (২৮), তাঁর বাবা মো. মফিজ উদ্দিন ও সদর উপজেলার রতন মিয়া।
আদালত সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মেয়েটির বাবার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে ইউএনও মোহাম্মদ আনিসুজ্জামান খান পুলিশ নিয়ে সেখানে যান। প্রথমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ছেলে ও মেয়েপক্ষকে বুঝিয়ে বিয়ে বন্ধের চেষ্টা করেন তিনি। কিন্তু কোনো পক্ষ রাজি না হওয়ায় ওই তিনজনকে আটক করে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসা হয়।