বাল্যবিবাহ পণ্ড, তিনজনের কারাদণ্ড
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে গত সোমবার অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তিনজনকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল ইউনিয়নে সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১৩) সঙ্গে এক যুবকের বিয়ে ঠিক হয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার রাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল থেকেই ছাত্রীটির বাড়িতে অতিথিরা আসতে থাকেন। রাতে আসেন বরপক্ষের লোকজন।
মহারাজপুর ইয়ুথ কমিটি বিষয়টি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এক কর্মকর্তাকে জানায়। ওই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউএনও এইচ এম রকিব হায়দারকে জানান।
পুলিশ সদস্যদের নিয়ে ইউএনও রাতেই ওই বাড়িতে অভিযান চালান। এ সময় অতিথিদের অনেকেই পালিয়ে যান। ইউএনও বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন। বাল্যবিবাহের আয়োজন করায় ছাত্রীটির বাবা, বর ও বরের বাবাকে আটক করে বালিয়াকান্দি থানায় নেওয়া হয়। গতকাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও আটক তিনজনকে পাঁচ দিন করে কারাদণ্ড দেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা হওয়ার পর গতকাল দুপুরে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।