বাল্যবিবাহ পণ্ড, বরের দণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির এক ছাত্রী (১৫)। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটায় দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে উপজেলার জহিরাবাদ গ্রামের এক তরুণের (২৫) বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম কয়েকজন পুলিশ নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যান এবং বিয়ে বন্ধ করে দেন।
এ সময় ইউএনওর উপস্থিতি টের পেয়ে ছাত্রী ও বরের অভিভাবকেরা দ্রুত পালিয়ে যান। একপর্যায়ে সেখান থেকে বরকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। ওই দিন রাত সাড়ে আটটায় সেখানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে আর কোনো অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করবেন না মর্মে তাঁর কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্ত বর বলেন, তাঁর ভুল হয়েছে। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না।
ইউএনও বলেন, বাল্যবিবাহের চেষ্টার দায়ে ওই তরুণকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।