বাল্যবিবাহ পণ্ড, বাবা-মায়ের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় গতকাল শুক্রবার দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ বিয়ে আয়োজন করার দায়ে মেয়েটির বাবা ও মাকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শাকিল মাহমুদ এ সাজা দেন।

ঈশ্বরদী থানার এসআই আবদুল লতিফ বলেন, গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মেয়ে ও মেয়ের বাবা-মাকে বিয়ের অনুষ্ঠান থেকে আটক করে আনা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরযাত্রী রাস্তা থেকেই ফিরে যায়। সন্ধ্যায় ইউএনওর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত ব​েস।

মেয়েটির বাবা আদালতে বলেন, ‘মেয়ের বয়স ১৮ বছর হয়নি। কিন্তু উপজেলা আওয়ামী লীগের এক নেতা আশ্বাস দেন, সমস্যা হলে দেখব। তাঁর আশ্বাসে বিয়ের আয়োজন করি। কিন্তু এ অপরাধে পুলিশ আমাকে আটক করে আদালতে হাজির করেছেন। আমি আর কখনো অল্প বয়সে ছেলেমেয়ের বিয়ে দেব না।’

আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে মেয়ের জন্মসনদ যাচাই করে বয়স ১৮ হয়নি বলে প্রতীয়মান হয়। এ কারণে মেয়ের বাবাকে ২১ হাজার টাকা ও মাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিণত বয়সে বিয়ে হলে লেখাপড়া ব্যাহত হওয়ার বিষয়টি বুঝতে পেরে মেয়েটি আদালতের কাছে দুঃখ প্রকাশ করে।

ইউএনও ও নির্বাহী হাকিম শাকিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।