বাল্যবিবাহ প্রতিরোধে অবদান রাখায় ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ প্রতিরোধে উল্লেখযোগ্য অবদান রাখায় সংস্থা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট এবং ব্যক্তি পর্যায়ে খুলনার বিভাগীয় কমিশনার আবদুস সালাম, লালমনিরহাট জেলার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমান এবং মেহেরপুর জেলার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম সম্মাননা পেয়েছেন। কানাডীয় হাইকমিশন দ্বিতীয়বারের মতো এ সম্মাননা দিয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এ সময় উপস্থিত ছিলেন কানাডীয় হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে, জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) দেশীয় প্রতিনিধি এডওয়ার্ড বিগবেডের, গার্লস নট ব্রাইডস বাংলাদেশ অ্যালায়েন্সের জাতীয় সমন্বয়কারী আন্না মিনজ।
প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, বাল্যবিবাহের ক্ষেত্রে কোনো অজুহাত দেওয়া চলবে না। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে যাঁর যাঁর দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। প্রশ্নোত্তরপর্বে গওহর রিজভী মন্ত্রিসভায় অনুমোদিত বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়ায় মেয়েদের বিয়ের বয়স কমানো–সংক্রান্ত বিশেষ ধারা বহাল থাকা প্রসঙ্গে বলেন, আইনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর রাখা হয়েছে। তবে সমাজ মেয়েদের এখন পর্যন্ত পুরোপুরি নিরাপত্তা দিতে পারছে না। ‘ব্যতিক্রম ঘটনা’র ক্ষেত্রেই এ বিশেষ ধারা রাখা হয়েছে। আইনের বিধিতে বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে।
কানাডীয় হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে বলেন, বাল্যবিবাহ, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের বিষয়টি কানাডা সরকার গুরুত্ব দিচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে বাংলাদেশে বাল্যবিবাহের হার ৫২ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।