বাল্যবিবাহ প্রতিরোধে শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মীনা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ১১ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নিয়েছে।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউনিসেফের সহায়তায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মীনা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সকাল ১০টায় পৌর শহরের আলতা সিনেমা হলের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। সেটি বঙ্গবন্ধু কলেজ মাঠে গিয়ে শেষ হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘কন্যাশিশু বিয়ে দিয়ে কোরো নাকো ভুল, প্রত্যেকটি শিশু যেন এক একটি ফুল’। পরে কলেজ মাঠে ইউএনওর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষক ও পাঁচ শতাধিক শিক্ষার্থীকে শপথবাক্য পাঠ করান।