বাল্যবিবাহ প্রতিরোধে ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল রোববার বাল্যবিবাহ প্রতিরোধে একযোগে শপথ পড়ানো হয়েছে। এতে ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য, জনপ্রতিনিধি ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ১০টার মধ্যে ছাত্র-শিক্ষক, অভিভাবক, পরিচালনা পরিষদের সদস্য, জনপ্রতিনিধিসহ নানা পেশার মানুষ নির্ধারিত কেন্দ্রে এসে জড়ো হয়েছেন। সকাল ১০টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিদ্যালয়ের মাঠে, শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়ায়। বেলা ১১টা বাজার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রধানেরা বাল্যবিবাহ প্রতিরোধে শপথ পড়ান। অনেক বিদ্যালয়ে মায়েদের সমাবেশ করে সেখানেও শপথ পড়ানো হয়। এ সময় সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ারও অঙ্গীকার করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ আবদুল গফুর চৌধুরী মহিলা কলেজে, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান কমলগঞ্জ গণমহাবিদ্যালয়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ পারভীন আক্তার শমশেরনগর এ এ টি এম উচ্চবিদ্যালয়ে শপথ পড়ানোর অনুষ্ঠান ও সমাবেশে অংশ নেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দেন।
ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আয়োজন সফল হয়েছে বলা যায়। এখন থেকে উপজেলায় বাল্যবিবাহ দেওয়া সহজ হবে না। কোনো পরিবার বাল্যবিবাহ করাতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।