বাল্যবিবাহ প্রতিরোধ আইন যুগোপযোগী করার উদ্যোগ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেছেন, ১০ দিনের মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ-বিষয়ক ১৯২৯ সালের আইনটি যুগোপযোগী করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁরা বেসরকারি ও দাতাগোষ্ঠীর কাছ থেকে সহযোগিতা চান বলে তিনি জানান।
আজ শনিবার ‘প্রথম আলো’ আয়োজিত ‘পারিবারিক সহিংসতা: শিশুবিয়ের অন্যতম নেতিবাচক ফল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারিক এ কথা বলেন।
বৈঠকে আলোচকেরা বলেন, ১৯২৯ সালের আইনটি বিদ্যমান থাকলেও তার বাস্তবায়ন নেই। অন্যদিকে আইনটি বর্তমানের জন্য উপযোগীও নয়। আইনে জরিমানার বিধান আছে মাত্র এক হাজার টাকা। তাঁরা বলেন, সরকার, বেসরকারি সংগঠন ও দাতা সংস্থাগুলোর বাল্যবিবাহ প্রতিরোধে কাজের অন্ত নেই। বাল্যবিবাহের কারণ এবং এর কুফল সম্পর্কেও বেশির ভাগ লোক অবগত। কিন্তু তার পরও বাল্যবিবাহের হারের দিক থেকে বিশ্বে নাইজার ও সাদের পরেই বাংলাদেশের অবস্থান। দেশের ৬৬ শতাংশই বাল্যবিবাহের শিকার। এ পরিস্থিতিতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নিতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাস্তবায়িত প্রটেক্টিং হিউম্যান রাইটস প্রোগ্রাম বা পিএইচআর প্রকল্পের সহযোগিতায় কারওয়ান বাজারে ‘প্রথম আলো’ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পিএইচআর প্রকল্পের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব পার্টি ফারহানা আফরোজ বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি এক জরিপের তথ্য উল্লেখ করে জানান, বিয়ের সময় ৬৫ শতাংশেরই কোনো মতামত নেওয়া হয় না।
বৈঠকে আলোচকেরা আরও বলেন, মেয়েশিশুকে বিয়ে দেওয়ার পর তার ঘাড়ে দায়িত্ব পড়ে বড় সংসার সামলানোর। কিন্তু এ কাজে শিশুর শারীরিক ও মানসিক সক্ষমতার অভাবে প্রতি পদে দ্বন্দ্ব তৈরি হয়।
আলোচকদের মতে, বাল্যবিবাহের ফলে শুধু পারিবারিক সহিংসতা নয়, রাষ্ট্রীয় পর্যায়েও ক্ষতি হচ্ছে। একজন কিশোরীকে স্বাভাবিকভাবে বড় হতে দিলে তার কাছ থেকে ভবিষ্যতে রাষ্ট্র অনেক কিছু পেতে পারত।
বৈঠকে সঞ্চালকের দায়িত্ব্বে ছিলেন ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বৈঠকে ইউএসএআইডি, বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন দপ্তরের পরিচালক অ্যামবার ব্রুকসের পাঠানো লিখিত বক্তব্যের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো পড়ে শোনান।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান শাহনাজ হুদা জানালেন, জাতীয় মানবাধিকার কমিশন এবং ওয়ার্ল্ড ভিশনের একটি কার্যক্রমের অধীনে তিনি আইনটি পর্যালোচনা করছেন। তিনি বলেন, মেয়েশিশুর বিয়ে দেওয়ার বিষয়টিই একটি নির্যাতন। নোটারি পাবলিক কারও বয়সের সনদ দিতে পারে না, দুই পক্ষের উপস্থিতিতে শুধু হলফনামা দিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, মেয়েশিশু ও নারীদের দায় মনে করে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। মেয়ে এবং নারীও যে সুযোগ পেলে সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এ ধরনের চিন্তা-চেতনার অভাবই বাল্যবিবাহের অন্যতম কারণ।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, ঝালকাঠি সদরের ইমাম সমিতির সভাপতি নিজের এবং অন্যদের সহায়তায় গত তিন বছর ধরে এলাকায় কোনো বাল্যবিবাহ হতে দিচ্ছেন না। এ ধরনের উদ্যোগ বা মডেল গড়ে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভারপ্রাপ্ত দেশীয় পরিচালক এলেনা আহমেদ বলেন, বাল্যবিবাহ নিয়ে একেক সংগঠন একেক ভাবে কাজ করছে। এসব কাজে সফলতা বা সমস্যাগুলো কোথায় আছে সেসব অভিজ্ঞতা ‘থিওরি অব চেঞ্জে’র মাধ্যমে সমন্বয় করতে হবে।
পিএইচআর প্রকল্পের চিফ অব পার্টি হেনরি অল্ডারফার জানান, ১০২টি ইউনিয়নে পরিচালিত প্রকল্পটিতে সুশীল সমাজ, স্থানীয় সরকার প্রতিনিধিসহ সবার অংশগ্রহণে ১০২টি ‘সোশ্যাল প্রোটেকশন গ্রুপ’ তৈরি করা হয়েছে। এ দলটি যৌন হয়রানি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে জোরালো ভূমিকা রাখছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শামিমা পারভিন বলেন, অন্যদের তুলনায় বাল্যবিবাহের শিকার হওয়া শিশু ও নারীদের পারিবারিক সহিংসতার ঝুঁকি তিন গুণ বেড়ে যায়। এদের মাতৃমৃত্যুর ঝুঁকিও বেশি। অন্যান্য নির্যাতনের পাশাপাশি অর্থনৈতিকভাবেও নির্যাতনের শিকার এরা। নিজের প্রয়োজনেও টাকাপয়সা খরচ করতে পারে না। পরিবারের সিদ্ধান্ত গ্রহণেও তাদের মতামত নেওয়া হয় না।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি পরিচালক চন্দন জেড গোমেজ বলেন, বাল্যবিবাহ একই সঙ্গে নাগরিক ও শিশু অধিকার লঙ্ঘন করছে। আইন কবে যুগোপযোগী হবে সে আশায় বসে না থেকে বাল্যবিবাহ বন্ধে সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে নির্দেশনা দেওয়ার সুপারিশ করেন তিনি।
ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির প্রোগ্রামের প্রধান হাবিবুর রহমান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রকল্প সমন্বয়কারী মিতালি জাহান বলেন, কন্যাশিশু বা কিশোরীদের নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। বাল্যবিবাহ প্রতিরোধ করতে গেলে অভিভাবকেরা জানতে চান তাঁর মেয়ের নিরাপত্তা কে দেবে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, দেশ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। যে ছেলে কোনো মেয়েকে উত্ত্যক্ত করছে সে এলাকারই ছেলে। তার মনটাকে পাল্টাতে পারলে, তাকে নারী-পুরুষ সমান, নারীদের সম্মান করতে হয়—এ বিষয়গুলো শেখানো গেলে অনেক সমস্যারই সমাধান সম্ভব। এ ক্ষেত্রে গল্প, উপন্যাস, পাঠ্যপুস্তক, গণমাধ্যমসহ সব জায়গায় এ বিষয়গুলোকে সংযোজন করতে হবে।