বাল্যবিবাহ প্রতিরোধ কর্মপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিভাবক চাইলে বা আদালতের অনুমতিতে ১৬ বছর বয়সেও মেয়েকে বিয়ে দেওয়া যাবে, এ শর্তটি আইনে থাকবে কি না, তা চূড়ান্ত করার আগেই সরকার বাল্যবিবাহ প্রতিরোধ করতে জাতীয় কর্মপরিকল্পনার (২০১৫-২০২১) একটি খসড়া প্রস্তুত করেছে। তবে, বিয়ের ন্যূনতম বয়সের বিষয়ে অস্পষ্টতা রেখে এ কর্মপরিকল্পনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন নারী আন্দোলনের কর্মীরা।
গত বছর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বাল্যবিবাহ নিরোধ আইনের একটি খসড়া তৈরি করে। ওই খসড়া আইনটির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ ডিসেম্বর অনুশাসন দিয়ে বলেছেন, ‘বিয়ের বয়স ১৮, তবে পিতামাতা বা আদালতের সম্মতিতে ১৬ বছর সকলের কাছে গ্রহণযোগ্য হবে। সামাজিক সমস্যা কম হবে।’ গত জানুয়ারি মাসে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে এ অনুশাসন সংযুক্ত করে খসড়াটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘বিয়ের বয়স নিয়ে জটিলতার অবসান হয়নি। ফলে আইনের খসড়াটি প্রায় সাত মাস ধরে আইন মন্ত্রণালয়েই পড়ে রয়েছে।’
অন্যদিকে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মপরিকল্পনার যে প্রাথমিক খসড়া করা হয়েছে, তাতেও কৌশলে বাল্যবিবাহের বয়সের প্রসঙ্গটি এড়িয়ে যাওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘আইনসম্মত বয়সের আগেই যখন কোনো কন্যাশিশু বিবাহবন্ধনে আবদ্ধ হয়, তখন সে সাংসারিক দায়িত্ব-কর্তব্য এবং সন্তান প্রতিপালনের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকে না। পারিবারিক সহিংসতার শিকার নারীদের বেশির ভাগ আইনগত বয়সের আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে থাকে।’ তবে আইনসম্মত বয়স বলতে কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
কর্মপরিকল্পনার দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে বলা হয়েছে, বাংলাদেশ অদূর ভবিষ্যতে বাল্যবিবাহ থেকে মুক্ত হবে। আবার খসড়ার আরেক জায়গায় বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। ঠিক এক বছর আগে ২২ জুলাই লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে বন্ধে তাঁর সরকারের অঙ্গীকারের কথা ঘোষণা করেন। ঢাকায় নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি এবং ব্রিটিশ বৈদেশিক উন্নয়ন সংস্থা ডিএফআইডির প্রতিনিধিরা যৌথভাবে এই কর্মপরিকল্পনার খসড়া তৈরির বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তবে, নারী আন্দোলনের কর্মীরা বলছেন যে কর্মপরিকল্পনা তৈরির আগেই বাল্যবিবাহের বয়স স্পষ্ট করতে হবে।
আইনে ‘যদি’, ‘তবে’ ইত্যাদি যুক্তি দিয়ে কোনো ধরনের শর্ত আরোপের বিষয়েই নারী আন্দোলনের কর্মীদের মূল আপত্তি। তাঁরা বলছেন, শর্ত দিয়ে বিয়ের বয়স কমানো হলে তা তাঁরা মানবেন না।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, সরকার বিয়ের বয়স নিয়ে একধরনের ধোঁয়াশা তৈরি করেছে। আইনে শেষ পর্যন্ত যদি ১৬ বছরের শর্ত থেকেই যায়, তা নারী আন্দোলনের পক্ষ থেকে মানা হবে না। তাই নীতিনির্ধারকদের উচিত বিয়ের বয়সসংক্রান্ত জটিলতার অবসান করেই কর্মপরিকল্পনা তৈরি করা।
ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের পরিচালক শীপা হাফিজা প্রথম আলোকে বলেন, সরকার চালাকির আশ্রয় নিয়ে তড়িঘড়ি করে কর্মপরিকল্পনা তৈরি করছে। সরকার কর্মপরিকল্পনা একা বাস্তবায়ন করতে পারবে না। আর সরকার আইনে যদি কোনো শর্ত জুড়ে দিয়ে বিয়ের বয়স কমায়, তাহলে বেসরকারি সংগঠন সেই আইন মানবে কি না, তা-ও বড় প্রশ্ন।
শীপা হাফিজা বলেন, বিদ্যমান ১৯২৯ সালের আইনে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৮ বছর, অথচ মা-বাবা ১৫ বা ১৬ বছরেও মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন। আর আইনে ১৬ বছর বয়সে মা-বাবা চাইলে বা আদালতের আদেশে বিয়ে দেওয়ার শর্ত দেওয়া থাকলে তখন ১৩ বা ১৪ বছর বয়সেও বিয়ে দিতে চাইবেন।
খসড়া কর্মপরিকল্পনা নিয়ে এনজিও প্রতিনিধিসহ অন্যদের সঙ্গে এক কর্মশালার আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। সেখানেও এনজিও কর্মীরা এ কর্মপরিকল্পনার বিরোধিতা করেন বলে জানিয়েছেন এনজিও প্রতিনিধিরা।
নারী অধিকারকর্মীদের এসব আপত্তির বিষয়ে জানতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কোন মন্তব্য করতে চান নি। অবশ্য কিছুদিন আগে প্রতিমন্ত্রী রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বলেছেন, ‘১৮ বছরের নিচে সবাই শিশু। এ বয়সের নিচে কারও বিয়ে হবে না, এটিই সরকারের অবস্থান। তবে বিয়ের আগে যদি কোনো শিশু গর্ভধারণ করে, বাংলাদেশের প্রেক্ষাপটে সেই সমস্যা সমাধানে কী করা যায়, তা বিবেচনা করার জন্য সবার কাছে অনুরোধ রইল।’
কর্মপরিকল্পনা খসড়ায় যা থাকছে: বাল্যবিবাহ প্রতিরোধে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সমন্বয় ও সুবিন্যস্ত রেফারেল লিংকেজ থাকা প্রয়োজন। এ উদ্দেশ্য সামনে রেখেই এ কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। কর্মপরিকল্পনা বাস্তবায়নে মূল সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি বেসরকারি সংগঠনও এটি বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।
খসড়ায় ২০১৪-১৫ অর্থবছরকে ভিত্তি বছর হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। এতে ২০১৫-২০১৬ অর্থবছর থেকে ২০২০-২০২১ অর্থবছর পর্যন্ত স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিভিন্ন লক্ষ্যমাত্রায় বলা হয়েছে, ভবিষ্যতে বাল্যবিবাহ প্রতিরোধে নতুন আইন তৈরি করা হবে। থানায় বাল্যবিবাহের তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে। সামাজিক বাধা চিহ্নিত করা, মনিটরিং কৌশল গড়ে তোলা, বিয়ের কবল থেকে যাদের রক্ষা করা হয়েছে, তাদের সুরক্ষা দেওয়া হবে। বিয়ের বয়স, বিয়ে বাতিলসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করা হবে। জাতীয় গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, মনোসামাজিক কাউন্সেলিং সহজলভ্য করা, স্কুলে বিবাহিত মেয়েদের একত্রীকরণের জন্য গাইডলাইন তৈরি ও প্রচারের উদ্যোগ নেবে সরকার। মেয়েদের যাতায়াতে ও স্কুলে নিরাপত্তা জোরদার, ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিতকরণ, মায়েদের জন্য কর্মসংস্থান বা ভাতা প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করাসহ একাধিক লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।
এ খসড়াটি এখন পর্যন্ত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার খসড়াটি চূড়ান্ত করে আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। আর এ কর্মপরিকল্পনা নিয়ে বিরোধিতার কিছু নেই। আইনের সঙ্গে এ কর্মপরিকল্পনার কোনো সম্পর্ক থাকে না। আইন আইনের মতো, আর কর্মপরিকল্পনা কর্মপরিকল্পনার মতোই বাস্তবায়িত হবে। বিয়ের বয়স ১৮-ই থাকছে। আইনে কোনো শর্ত থাকলেও তা পুরো কর্মপরিকল্পনায় কোনো প্রভাব ফেলবে না।’