বাল্যবিবাহ প্রতিরোধে আর্থিক প্রণোদনা ব্যয়সাশ্রয়ী পন্থা
সরাসরি আর্থিক প্রণোদনা বাল্যবিবাহ প্রতিরোধে সবচেয়ে ব্যয়সাশ্রয়ী পন্থা। বছরে একটি কিশোরীকে ১৬ ডলার আর্থিক সহায়তা দিয়ে ১৬ শতাংশ বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়। আর মেয়েদের স্কুলে ভর্তি বাড়ানো যায় ১৭ শতাংশ।
দেশের দক্ষিণ অঞ্চলের তিনটি জেলার পাঁচটি উপজেলায় গবেষণা করে এই ফলাফল পাওয়া গেছে। আজ বুধবার ব্র্যাক সেন্টারে বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকার চিহ্নিতকরণ কর্মশালায় শেষ দিনে ‘কস্ট-বেনিফিট অ্যানালাইসিস অব স্ট্র্যাটেজিস টু রিডিউস চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ’ শীর্ষক এই গবেষণার ফলাফল উপস্থাপন করেন বেসরকারি প্রতিষ্ঠান ইনোভেসান ফর পভার্টি অ্যাকশনের পরামর্শক শাহানা নাজনীন ও কাইল মার্ফি। ডেনমার্ক-ভিত্তিক সংস্থা কোপেনহেগেন কনসেনসাস সেন্টার ও ব্র্যাক যৌথভাবে তিন দিনের এই কর্মশালার আয়োজন করে।
গবেষকেরা ভোলা সদর উপজেলা, পটুয়াখালী সদর ও বাউফল উপজেলা এবং বরিশাল জেলার মুলাদি ও বাবুগঞ্জ উপজেলার ১৫৪টি গ্রামে ২০০৬টি বাল্যবিবাহ কমানোর লক্ষ্য নিয়ে একটি প্রকল্প শুরু করেন। ১৫ বছরের কম বয়সী মেয়েদের তারা বছরে ১৬ ডলার বা ১ হাজার ২৮০ টাকার আর্থিক প্রণোদনা দেয়। ২০১০ সালে এই গবেষণার প্রাথমিক পর্যায় শেষ হয়। তাতে দেখা গেছে, গ্রামগুলোতে বাল্যবিবাহ কমেছে ও স্কুলে মেয়েদের ভর্তির হার বেড়েছে। শাহানা নাজনীন প্রথম আলোকে বলেন, আর্থিক প্রণোদনা দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এটাই প্রথম কোনো উদ্যোগ।
বিনিয়োগ ও লাভের হিসাব করার জন্য গবেষকেরা দেশি ও বিদেশি আরও কিছু উদ্যোগের সঙ্গে তাঁদের গবেষণা তুলনা করেছেন। এর মধ্যে আছে বাংলাদেশে স্কুলে মেয়ে শিক্ষার্থীদের বৃত্তি কর্মসূচি, কলম্বিয়ার ব্যক্তিগত শিক্ষার ভাউচার কর্মসূচি, কেনিয়ার বিনা মূল্যের স্কুল পোশাক কর্মসূচি ও উগান্ডার কিশোরীদের ক্ষমতায়ন কর্মসূচি। তুলনা করে গবেষকেরা বলছেন, দেশের দক্ষিণাঞ্চলে নেওয়া তাদের এই উদ্যোগ কার্যকর ও বেশি ব্যয়সাশ্রয়ী।
গবেষণাপত্রে বলা হয়েছে, নানা উদ্যোগ নেওয়ার পরও বাংলাদেশে বাল্যবিবাহের হার অনেক বেশি। বাল্যবিবাহের বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ হার এই দেশে। বয়স ১৮ বছর হওয়ার আগে ৫৯ শতাংশ মেয়ের বিয়ে হয়। এ দেশে মেয়েদের বিয়ের আইনসিদ্ধ বয়স ১৮ বছর।
শাহানা নাজনীন প্রথম আলোকে বলেন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে আইন আছে। তারপরও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না। এ ক্ষেত্রে সরাসরি আর্থিক প্রণোদনা একটি কার্যকর পন্থা হতে পারে।
উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশের অগ্রাধিকার কী হওয়া উচিত, তা চিহ্নিত করতে গবেষণা করছে ব্র্যাক ও কোপেনহেগেন কনসেনসাস সেন্টার। বাল্যবিবাহবিষয়ক এই গবেষণাপত্রটি ছিল তারই অংশ। কর্মশালায় গবেষণা উপস্থাপন করা হয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি প্যানেলের সামনে। প্যানেলের সদস্যরা হচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ফিন কিডল্যান্ড, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদ, ব্র্যাকের ভাইস চেয়ারপারসন আহমদ মোশতাক রাজা চৌধুরী ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ। কাজটি সমন্বয় করেন কোপেনহেগেন কনসেনসাস সেন্টারের বিয়র্ন লোমবোর্গ।
আজ কর্মশালায় অভিবাসন, নিরাপদ পানি, জ্বালানি, বন্ড, বাল্যবিবাহ, গর্ভবতীদের পুষ্টি, শিক্ষা, পরিবেশ, খাদ্য নিরাপত্তা ও অসংক্রামক ব্যাধি নিয়ে ১০টি গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়। তিন দিনে ৩৪টি বিষয়ে উপস্থাপন করা হয়।