বাল্যবিবাহ প্রতিরোধে চাই সম্মিলিত প্রয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্তব্য দিচ্ছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম (ডানে)। পাশে মন্ত্রণালয়ের বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের ফোকাল পারসন আবুল হোসেন l ছবি: প্রথম আলো
বক্তব্য দিচ্ছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম (ডানে)। পাশে মন্ত্রণালয়ের বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের ফোকাল পারসন আবুল হোসেন l ছবি: প্রথম আলো

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেছেন, বাল্যবিবাহ নিরোধ আইনের বিধিমালার খসড়া তৈরি হয়েছে। এ বিধিতে অপ্রাপ্তবয়স্কদের বিশেষ বিধানে বিয়ের ক্ষেত্রে একটি স্বার্থ যাচাই কমিটি করা হয়েছে। এ কমিটি বিয়ের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের সর্বোত্তম স্বার্থের বিষয়টি নিশ্চিত হলে আদালতের কাছে প্রতিবেদন পাঠাবে। তারপর আদালত এবং অভিভাবক বিয়ের সম্মতি দিলে তবেই বিয়ে হবে, এর আগে নয়। খুব দ্রুত বিধির এ খসড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে, যাতে সবাই মতামত দিতে পারেন।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলো আয়োজিত ‘বাল্যবিবাহ রোধে আমার-আপনার করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সচিব এ কথা বলেন। তিনি বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ ধারা নিয়ে যাতে কেউ ভুল বার্তা না ছড়ায়, সে আহ্বানও জানান।
সচিব নাছিমা বেগম বলেন, বাল্যবিবাহের কারণ চিহ্নিত করে তা দূর করার জন্য ছোট প্রকল্প থেকে বের হয়ে মন্ত্রণালয় বড় পরিসরে কাজ করার জন্য অনেক কার্যক্রম হাতে নিয়েছে। সব মিলে বলা যায়, আগামী কয়েক বছরের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে ‘ড্রামাটিক’ বা নাটকীয় পরিবর্তন চোখে পড়বে। তবে এ কাজকে ত্বরান্বিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত প্রয়াস থাকাটা জরুরি।
কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এবং বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের ফোকাল পারসন আবুল হোসেন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সরকার নতুন যে আইনটি করেছে, তার প্রচারের জন্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে একটি ‘কমন প্ল্যাটফর্ম’ তৈরি করতে হবে। বাল্যবিবাহসহ যেকোনো ধরনের নির্যাতনের হাত থেকে রেহাই পেতে সরকারের ‘হেল্পলাইন ১০৯’ প্রচারের জন্য প্রথম আলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, মেয়েদের শিক্ষার হার বেড়েছে, কিন্তু এ শিক্ষা কতটা উৎপাদনমুখী বা শিক্ষিত হওয়ার ফলে কতজন পরিবারে সিদ্ধান্ত নিতে পারছেন, তা দেখতে হবে। কিশোরীদের প্রাতিষ্ঠানিকভাবে যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের গাইডলাইনের বাস্তবায়ন, মেয়েদের সতীত্ব নিয়ে সমাজের অহেতুক উদ্বেগ কমানোর বিষয়টিতে তিনি গুরুত্ব দেন।
ইউনিসেফের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট রোশনী বসু বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইন, বিধিমালা, জাতীয় কর্মপরিকল্পনার পাশাপাশি বিনিয়োগের বিষয়টিতেও গুরুত্ব দিতে হবে। মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য নিয়ে এত কথা হচ্ছে, এ জায়গাগুলোতে বিনিয়োগ কতটুকু বাড়ল তা দেখতে হবে। জেন্ডার সমতা তৈরিতে কিশোরীদের পাশাপাশি কিশোরদের প্রতি সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হক বলেন, অভিভাবকদের কন্যাসন্তানের বেলায় একধরনের বিনিয়োগ আবার পুত্রসন্তানের বেলায় অন্য ধরনের বিনিয়োগের বিষয়টি দূর করতে হলে ‘জেন্ডার নিউট্রাল প্যারেন্টিং’-এর বিষয়ে গুরুত্ব বাড়াতে হবে। বাড়ির বউকে গৃহকর্মীর বিকল্প হিসেবে দেখা, কন্যাসন্তানকে বোঝা হিসেবে মনে করা, নারীরা কাজ করলেও তাদের কাজকে মূল্যায়ন না করার যে গতানুগতিক ধারণা, তা পাল্টাতে হবে। যে পরিবার বা যিনি ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে দিচ্ছে না, তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করার পাশাপাশি এ ধরনের সামাজিক বিষয়ে গবেষণার জন্য সরকারকে অর্থ বরাদ্দ দিতে হবে।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমে প্রতিবন্ধী নারীদের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিবন্ধী মেয়ের বিয়ে হবে না ভেবে অনেক পরিবার জোর করে বিয়ের ব্যবস্থা করে। বাল্যবিবাহের ফলে ক্ষতিগ্রস্ত কিশোরীদের মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি নিয়েও ভাবতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক খিজির হায়াত খান জানান, বাল্যবিবাহ প্রতিরোধে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইমাম ও বিবাহ নিবন্ধকদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। ফাউন্ডেশনের গবেষণা বলছে, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম বা বিবাহ নিবন্ধকেরা কেউ বাল্যবিবাহে অংশ নেন না।
দাতা সংস্থা ইউএসএআইডি বাংলাদেশের জেন্ডার উপদেষ্টা মাহমুদা রহমান খান বলেন, ‘আমার বা আপনার ছেলে বখে যাচ্ছে বলেই মেয়েরা নিরাপত্তাহীনতার শিকার। তাই এ বিষয়ে সবার দায়িত্ব আছে। পরিবারের ভেতর থেকেই নারীর প্রতি সম্মান দেখানোর বিষয়টি শেখাতে হবে।’ তিনি বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, বাল্যবিবাহ প্রতিরোধ আইনের প্রচারে কমিউনিটি রেডিওর ব্যবহার বাড়ানো এবং প্রাইভেট প্রতিষ্ঠানকে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার সুপারিশ করেন।
ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের প্রোগ্রাম প্রধান হাবিবুর রহমান বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ ধারা যুক্ত থাকায় তৃণমূলে অনেকের ধারণা, সব ক্ষেত্রেই ১৮ বছর বয়সের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে। এ ভুল ধারণা পাল্টাতে গণমাধ্যমকে বিশেষ ভূমিকা রাখতে হবে। বাল্যবিবাহের সঠিক পরিসংখ্যান থাকার বিষয়টিতে তিনি গুরুত্ব দেন।
প্ল্যান ইন্টারন্যাশনালের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর (প্রোগ্রাম) সৌম্য গুহ বলেন, বাল্যবিবাহ বন্ধে কিশোর-কিশোরী ও তরুণ সমাজকে বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো বন্ধু দীর্ঘদিন অনুপস্থিত থাকলে ওই বন্ধুর বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে। বন্ধুটি বাল্যবিবাহের ঝুঁকিতে থাকলে অভিভাবকদের বোঝাতে হবে। নিজেরা না পারলে সরকারের বিভিন্ন প্রতিনিধিদের জানাতে হবে।
ইউএন উইমেনের প্রোগ্রাম স্পেশালিস্ট পলাশ কান্তি দাশ বাল্যবিবাহ প্রতিরোধে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্ব ও বাজেট বাড়ানো এবং বিভিন্ন প্রতিরোধ কার্যক্রমে স্থানীয় সরকার ও কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে হবে বলে উল্লেখ করেন।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (জেন্ডার, এডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার হুমায়রা ফারহানাজ বলেন, মেয়ে একটু বড় হলেই তাকে বোঝা হিসেবে মনে না করে সম্পদ হিসেবে মনে করতে হবে।
ইউনিসেফের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের প্রধান নেহা কাপিল বলেন, বাংলাদেশে বাল্যবিবাহ অনেকটা সামাজিক আচারে পরিণত হয়েছে। বাল্যবিবাহের সঙ্গে সাংস্কৃতিক, অর্থনৈতিক কারণসহ বিভিন্ন কারণ যুক্ত। বাল্যবিবাহকে ঐতিহ্য হিসেবে মেনে নেওয়া হয় বলে তা টেকসই হচ্ছে।